‘লাল গালিচা সফরে’ অ্যাপল প্রধান
অ্যাপল সিইও টিম কুক তার সাম্প্রতিক এশিয়া ভ্রমণে যেখানেই গিয়েছেন, সেখানেই পেয়েছেন রাজকীয় সম্বর্ধনা। গত সপ্তাহে চীনের পর ভারতেও তার জন্য পেতে দেওয়া হয় লাল গালিচা।
টেক জায়ান্ট অ্যাপল তার নিজস্ব ইন্ডিয়ান সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার বর্ধিতকরণের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি এক্সিলারেটর প্রোগ্রামে বিনিয়োগ করছে। আর এরই সুবাদে গত মঙ্গলবার প্রথমবারের মতো ভারত সফরে যান অ্যাপল সিইও টিম কুক।
তার ভ্রমণের উদ্দেশ্য পুরোপুরি ব্যবসায়িক হওয়া স্বত্ত্বেও আপ্যায়নের ধরন দেখে তা মনেই হয়নি। কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রদূতের মতোই জমকালোভাবে তাকে বরণ করে নেওয়া হয় বলে জানায় বিজনেসইনসাইডার।
অবশ্য কুকের নেতৃত্বাধীন অ্যাপল প্রতিষ্ঠানটিই (বিশেষ করে এর আর্থিক ও বাণিজ্যিক ক্ষমতা) আড়ম্বরের মাপকাঠিতে গোটা একটি দেশের মতোই। এ প্রতিষ্ঠানে বর্তমানে সাড়ে এগারো হাজার কর্মী কর্মরত আছেন। প্রতিষ্ঠানটির দাবি, ডেভেলপার ইকোসিস্টেম সহ হিসেব করলে এতে ১৯ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়ে থাকে। গত অর্থবছরে প্রতিষ্ঠানটি ২৩ হাজার চারশ’ কোটি ডলার আয় করে, যা পর্তুগালের মোট জাতীয় উৎপাদনের সমান।
