ভারত সফরে কুক-মোদীর বৈঠক
প্রথমবারের মত ভারত সফরকালে শনিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসলেন মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। ভারতীয় বাজারে প্রতিষ্ঠানটির বেশ কিছু পরিকল্পনা আলোচনা করাই ছিল কুকের ভারত সফরের উদ্দেশ্য। অপরদিকে, ‘ডিজিটাল ইন্ডিয়া’ গঠনে প্রতিজ্ঞ মোদী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকের আয় বৃদ্ধিতে প্রযুক্তি প্রয়োগ করতে অ্যাপলের সহায়তা আশা করেছেন।
নয়া দিল্লীতে অনুষ্ঠিত বৈঠকে মোদী এবং কুক সাইবার নিরাপত্তা এবং ডেটা এনক্রিপশন নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। সাইবার অপরাধ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়গুলো যেন সহায়তা করে সে ব্যাপারে কুকের সহযোগিতার চেয়েছেন মোদী।
অ্যাপল তার নিজস্ব ইন্ডিয়ান সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার বর্ধিতকরণের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি এক্সিলারেটর প্রোগ্রামে বিনিয়োগ করতে যাচ্ছে। আর এরই সুবাদে গত মঙ্গলবার প্রথমবারের মতো ভারত সফরে এসেছিলেন টিম কুক।
স্মার্টফোনের ক্ষেত্রে ভারতীয় বাজার সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল হলেও অ্যাপলের এতে মাত্র দুই শতাংশ শেয়ার আছে।
মোদী বলেছেন, ভারতে কথিত আছে ‘দর্শনেই বিশ্বাস’ আর তাই কুকের ভারত সফর অভিজ্ঞতা তাকে তার ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
মোদী কুককে ‘ডিজিটাল ভারত’ বিষয়ে প্রাথমিক পদক্ষেপগুলো ব্যাখ্যা করেছেন। এর তিনটি মূল লক্ষ্য হল- শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকের আয় বৃদ্ধি। তিনি আরও বলেছেন, অ্যাপলের কাছ থেকে তিনি এ লক্ষ্য অর্জনে সমর্থন আশা করেন।
ডিজিটাল ভারত প্রোগ্রামটি ভারতের সমাজ এবং অর্থনৈতিক জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে ডিজিটাল করার একটি পদক্ষেপ।
কুক মোদীকে বলেছেন, তিনি ভারতের যুব প্রতিভার প্রশংসা করছেন এবং অ্যাপল কিছু উল্লেখযোগ্য প্রতিভাকে কাজে লাগাতে ইচ্ছুক। নবায়নযোগ্য শক্তির জন্য মোদীর নেয়া পদক্ষেপের প্রসংশা করে তিনি বলেছেন অ্যাপল ৯৩ শতাংশ নবায়নযোগ্য শক্তি পরিচালনা করে এবং এ বিষয়ে অ্যাপলের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
