‘একচেটিয়া ব্যবসা’র মামলায় হারল গুগল
সোমবার মস্কোর একটি সালিশি আদালত গুগলের একটি আবেদন প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের অ্যাপ প্রিইনস্টল করে বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে বলে এর আগে রায় হয়েছিল। ওই রায়ে বলা হয় গুগল রাশিয়ায় একচেটিয়া বাণিজ্য বিরোধী আইনসহ একাধিক আইন ভঙ্গ করেছে। সোমবার ওই রায়ের ওপর গুগলের আপিল সালিশি আদালত নাকচ করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
রাশিয়ার বাজার প্রতিযোগিতাবিষয়ক পর্যবেক্ষক এফএস রাশিয়ান প্রতিষ্ঠান ইয়ান্ডেক্সের অভিযোগের উপর ভিত্তি করে নিশ্চিত করে যে অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু নির্দিষ্ট অ্যাপ প্রি-ইন্সটল করে গুগল আইনভঙ্গ করছে। এফএএস গুগলকে দোষী সাব্যস্ত করে গত সেপ্টেম্বর মাসে।
গুগল এর বিরুদ্ধে আদালতে আপিল করে কিন্তু সোমবার এফএএস জানিয়েছে আদালত তাদের রায়ই বহাল রেখেছে।
গুগলকে এখন রায় মেনে নিয়ে স্মার্টফোন নির্মাতাদের সাথে চুক্তি সংশোধন করে মোটা অংকের জরিমানা গুনতে হবে।
