২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটিং অ্যাপে যৌনরোগের প্রকোপ বাড়ে

উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে হালের ডেটিং অ্যাপগুলোর কারণে যৌনরোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর হেলথ অ্যান্ড এইচআইভি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 05:37 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ডেটিং অ্যাপ ব্যবহারকারী একজন ব্যক্তি খুব সহজেই শয্যাসঙ্গী বদলানোর সুযোগ পান। আর এর ফলে বলে যৌনবাহিত ঘা (এসটিআই)’ সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে।

এ সম্পর্কে যুক্তরাজ্যের যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ পিটার গ্রিনহাউস বলেন, “যদি অনেক মানুষ নিজেদের ইচ্ছেমতো সঙ্গী বদলানোর সুযোগ পান এবং তাদের মধ্যে যদি কারো যৌন-সংক্রমণ থাকে তবে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা মারাত্মকভাবে বেড়ে যাবে। আর ডেটিং অ্যাপ মাধ্যমে এমনটা হতেই পারে।”

চলতি বছরের অক্টোবর মাসের হিসেব অনুযায়ী গুগল প্লে থেকে ডাউনলোড করা অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকায় প্রথমদিকে রয়েছে টিনডার, হ্যাপেন, ম্যাচ ডটকম এবং হট অর নট এর মতো একাধিক ডেটিং অ্যাপ।

‘পাবলিক হেলথ ইংল্যান্ড’-এর সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায়, ২০১৪ সালে দেশটিতে সিফিলিসে আক্রান্ত ব্যক্তির পরিমাণ ৩৩ শতাংশ এবং গনোরিয়ায় ভুগছেন এমন ব্যক্তির সংখ্যা ১৯ শতাংশ বেড়ে গিয়েছে।

অন্যদিকে অনলাইন ডেটিং অ্যাসোসিয়েশন-এর ভাষ্যমতে, যুক্তরাজ্যে বর্তমানে ২৫ থেকে ৪০ শতাংশ সম্পর্কের শুরু হয় ডেটিং অ্যাপগুলোর মাধ্যমে।

যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে দুটি করে নতুন ডেটিং অ্যাপ চালু হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এই অ্যাপগুলোতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তির পছন্দ-অপছন্দ জানানোর পাশাপাশি কিছু কিছু অ্যাপের মাধ্যমে সঙ্গীর সঙ্গে দেখা করার আগে নিজের এসটিআই স্ট্যাটাস জানানোর ব্য্যবস্থাও রয়েছে।  

তবে এত কিছুর পরও বেশিরভাগ ডেটিং অ্যাপ নির্মাতা নিজেদের অ্যাপগুলোকে নিরাপদ যৌনজীবনের জন্য বানানো হয়েছে বলে দাবি করে এসটিআই সংক্রমণের জন্য অন্য নির্মাতাদের দোষারোপ করেন জানিয়েছে বিবিসি।

ডেটিং অ্যাপ নয় বরং সামাজিক মূল্যবোধ এবং সম্পর্ক, বিয়ে এবং ডিভোর্স সংক্রান্ত বিষয়ে প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলেই যৌনরোগের প্রকোপ বেড়ে গিয়েছে-এমনটাই দাবি করেছেন ডেটিং অ্যাপ হ্যাপেনের কর্মকর্তা মেরি কসনার্ড।

এ ছাড়া এই ধরনের অ্যাপ ব্যবহার করেন না এমন ব্যক্তিদের মধ্যেও নিয়মিত সঙ্গী বদলানোর মানসিকতা থাকায় যৌন সংক্রমণের কারণ হিসেবে অ্যাপ দায়ী নয় এমন মত প্রকাশ করেছেন কেউ কেউ।