১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝুঁকি কমাতে ওপেনএআইয়ে আসছেন নতুন ‘সেনাপতি’

চাকরির বিজ্ঞপ্তি অনুসারে, ‘হেড অফ প্রিপেয়ার্ডনেস’ পদের বার্ষিক বেতন হবে ৫ লাখ ৫৫ হাজার ডলার। এর সঙ্গে থাকবে কোম্পানির শেয়ার সুবিধাও।

ঝুঁকি কমাতে ওপেনএআইয়ে আসছেন নতুন ‘সেনাপতি’
এ পদের মূল দায়িত্ব হবে ওপেনএআইয়ের প্রস্তুতিমূলক কাঠামোর কারিগরি কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 11:55 AM

Updated : 26 Aug 2026, 05:26 PM

কৃত্রিম বৃদ্ধিমত্তা বা এআইয়ের ক্ষতি ও অপব্যবহার ঠেকাতে একজন নতুন প্রধান কর্মকর্তা নিয়োগ দিচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।

বর্তমানে কোম্পানিটির জন্য একজন নতুন ‘হেড অফ প্রিপেয়ার্ডনেস’ বা প্রস্তুতি বিষয়ক প্রধান খুঁজছে প্রযুক্তি কোম্পানিটি। 

এ পদের মূল কাজ হবে ওপেনএআইয়ের বিভিন্ন এআই মডেলের সম্ভাব্য ক্ষতি ও সেগুলোর অপব্যবহার সম্পর্কে আগে থেকে ধারণা পাওয়া, যাতে কোম্পানির নিরাপত্তা কৌশল আরও উন্নত করা যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

চ্যাটজিপিটি ব্যবহারের কারণে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার অসংখ্য অভিযোগ উঠেছে, যার মধ্যে আত্মহত্যায় প্ররোচনার কয়েকটি মামলাও রয়েছে। আর এ সময়ই কোম্পানিটির এমন নিয়োগের খবর এল।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, ‘২০২৫ সালে এআই মডেলের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব এবং অন্যান্য ‘চ্যালেঞ্জ’ বা সমস্যার আভাস পেয়েছেন’ তারা।

“এ গুরুত্বপূর্ণ সময়ে হেড অফ প্রিপেয়ার্ডনেস পদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

চাকরির বিজ্ঞপ্তি অনুসারে, ‘হেড অফ প্রিপেয়ার্ডনেস’ পদের বার্ষিক বেতন হবে ৫ লাখ ৫৫ হাজার ডলার। এর সঙ্গে থাকবে কোম্পানির শেয়ার বা ইক্যুইটির সুবিধাও।

এ পদের মূল দায়িত্ব হবে ওপেনএআইয়ের ‘প্রিপেয়ার্ডনেস ফ্রেমওয়ার্ক’ বা প্রস্তুতিমূলক কাঠামোর কারিগরি কৌশল প্রণয়ন ও তা বাস্তবায়ন করা। কাঠামোটি মূলত এআইয়ের অত্যাধুনিক বিভিন্ন সক্ষমতা পর্যবেক্ষণ করবে এবং এর মাধ্যমে বড় ধরনের কোনো ক্ষতির ঝুঁকি তৈরি হলে তা ঠেকানোর জন্য কাজ করবে।

অল্টম্যান বলেছেন, বিষয়টি ‘চরম মানসিক চাপের কাজ ও পদটিতে নিয়োগ পাওয়ার পরপরই আপনাকে এক বিশাল চ্যালেঞ্জের সমুদ্রে ঝাঁপ দিতে হবে’।

গত কয়েক বছরে ওপেনএআইয়ের নিরাপত্তা দলগুলোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। কোম্পানির সাবেক ‘হেড অফ প্রিপেয়ার্ডনেস’ আলেকজান্ডার মাদ্রিকে ২০২৪ সালের জুলাইয়ে অন্য দায়িত্বে সরিয়ে দিয়েছিল কোম্পানিটি।

ওই সময় অল্টম্যান বলেছিলেন, এ পদের দায়িত্ব সামলাবেন নির্বাহী কর্মকর্তা হোয়াকিন কুইনোরো ক্যান্ডেলা ও লিলিয়ান ওয়েন।

তবে এর কয়েক মাস পরই লিলিয়ান ওয়েন কোম্পানি ছেড়ে চলে যান। এরপর ২০২৫ সালের জুলাইয়ে কুইনোরো ক্যান্ডেলাও ঘোষণা দেন, এ দল ছেড়ে ওপেনএআইয়ের নিয়োগ কার্যক্রম বা রিক্রুটিং শাখার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।