ওপেনএআইতে যোগ হল ৬৬০ কোটি ডলারের নতুন তহবিল
প্রযুক্তি কোম্পানিটির বাজার মূল্য পৌঁছাতে পারে ১৫৭ বিলিয়ন ডলারে, যা বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সমান ও আমেরিকার বেশিরভাগ শীর্ষ কোম্পানির চেয়েও বেশি।
নতুন তহবিল সংগ্রহের অংশ হিসেবে এক চুক্তির আওতায় অবশেষে ৬৬০ কোটি ডলার সংগ্রহ করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উপর বড় বাজির ধারা অব্যাহত রাখতে ওপেনএআইয়ে বিনিয়োগ করছে এর প্রাথমিক সমর্থক মাইক্রোসফট’সহ অন্যান্য বিনিয়োগকারীরা।
এ চুক্তির ফলে প্রযুক্তি কোম্পানিটির বাজার মূল্য পৌঁছাতে পারে ১৫৭ বিলিয়ন ডলারে, যা বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সমান ও আমেরিকার বেশিরভাগ বড় কোম্পানির চেয়েও বেশি বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এই বিপুল পরিমাণ অর্থ কোম্পানিটির এআই বিষয়ক গবেষণা খাতকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে, বলেছে ওপেনএআই।
এরইমধ্যে কোম্পানিটির অলাভজনক বোর্ড বিলোপ করে একে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
এমন পরিবর্তন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সহায়তা করলেও সমালোচনা তৈরি করেছে কোম্পানির কিছু নিজস্ব কর্মী ও সমালোচকদের মধ্যে।
এ সমালোচকদের মধ্যে রয়েছেন ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। মানুষের কল্যাণে এআই বিকাশের ধারণা থেকে কোম্পানিটি বেরিয়ে এসেছে, এমন অভিযোগ এনে ২০১৮ সালে ওপেনএআই ছাড়েন মাস্ক।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন টুলকে মূলধারায় আনতে সাহায্য করা ও এই খাতে অনেক বিনিয়োগ এবং আগ্রহের জন্ম দেওয়ার কারণে ওপেনএআই-এর ব্যাপক পরিচিতি রয়েছে।
সাম্প্রতিক তহবিলের বিষয়ে কোম্পানিটি বলেছে, “ফ্রন্টিয়ার এআই গবেষণায় আমাদের নেতৃত্ব দ্বিগুণ করা, কম্পিউট সক্ষমতা বাড়ানো ও কঠিন সমস্যা সমাধানে মানুষকে সহায়তা করে এমন টুল বানানো অব্যাহত রাখায় নতুন এই তহবিল কাজে আসবে।”
সাম্প্রতিক এ বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে বিনিয়োগ কোম্পানি থ্রাইভ ক্যাপিটাল, জাপানি প্রযুক্তি কোম্পানি সফটব্যাংক, আমেরিকান চিপ জায়ান্ট এনভিডিয়া ও মাইক্রোসফট। এরইমধ্যে ওপেনএআইতে বড় বিনিয়োগ রয়েছে মাইক্রোসফটের।
চুক্তির শর্তানুযায়ী, দুই বছরের মধ্যে লাভজনক কাঠামোয় ওপেনএআইয়ের রূপান্তর কার্যকর না হলে বিনিয়োগকারীরা নিজেদের তহবিল পুনর্বিবেচনা বা ফেরত নিতে পারবেন। এটি বিনিয়োগকারীদের জন্য রিটার্নের সর্বোচ্চ সীমা অপসারণের উপরও নির্ভর করবে।
ওপেনএআই বলেছে, সাপ্তাহিক সক্রিয় ২৫ কোটি ব্যবহারকারীর পাশাপাশি তাদের ১০ লাখ ব্যবসায়িক গ্রাহক রয়েছে যারা অর্থের বিনিময়ে সেবা নিচ্ছেন।
গত সপ্তাহে ওপেনএআইয়ের দীর্ঘদিনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতি এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, অনেক চিন্তাভাবনার পর তিনি পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
ওপেনএআইয়ের দুই শীর্ষ গবেষকও একই দিনে কোম্পানিটি ছেড়েছেন।
