২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ স্টোরে চ্যাটজিপিটিকে টপকাল চীনা এআই অ্যাপ

মডেলটি তৈরিতে কেবল দুই মাস সময় লেগেছে ও খরচ হয়েছে ৬০ লাখ ডলারেরও কম। এতে ব্যবহৃত হয়েছে ‘এইচ ৮০০’ নামে পরিচিত এনভিডিয়ার চিপ।

অ্যাপ স্টোরে চ্যাটজিপিটিকে টপকাল চীনা এআই অ্যাপ
ছবি: ডিপসিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 02:28 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপ স্টোরে প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটিকে টপকে শীর্ষ বিনামূল্যের অ্যাপ হয়ে উঠেছে চীনা এআই স্টার্টআপ ডিপসিক।

অ্যাপ ডেটা গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপটি ১০ জানুয়ারি চালু হওয়ার পর থেকে মার্কিন ব্যবহারকারীদের মধ্যে এর জনপ্রিয়তা দ্রুতই বেড়েছে।

এ মাইলফলকটি তুলে ধরেছে, কীভাবে সিলিকন ভ্যালিতে প্রভাব ফেলছে ডিপসিক, যেখানে এআই-তে যুক্তরাষ্ট্রের প্রাধান্য টিকিয়ে রাখতে উন্নত চিপ এবং এআই সক্ষমতা থেকে চীনকে দূরে রাখতে রপ্তানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। আর নতুন এ ঘটনাটি ওই নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে প্রচলিত ধারণাকে উল্টে দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

তুলনামূলক সাশ্রয়ী ও কম ক্ষমতার চিপের ওপর নির্ভরশীল হলেও চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে এটি। ডিপসিক বলেছে, ডিসেম্বরের শেষের দিকে ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্মোচন করে তারা। এটি তৈরিতে কেবল দুই মাস সময় লেগেছে ও খরচ হয়েছে ৬০ লাখ ডলারেরও কম। এতে ব্যবহৃত হয়েছে ‘এইচ ৮০০’ নামে পরিচিত এনভিডিয়ার চিপ। 

চীনে প্রথমবারের মতো এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রকাশ করে দেশটির সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। সেই তুলনায় ২০২৩ সালে প্রতিষ্ঠিত চীনের হ্যাংজুভিত্তিক ছোট স্টার্টআপ ডিপসিক-এর ইতিহাস নিয়ে খুব কমই জানা যায় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এরপর থেকে, ছোট-বড় কয়েক ডজন চীনা প্রযুক্তি কোম্পানি নিজেদের নিজস্ব এআই মডেল উন্মোচন করেছে। তবে ডিপসিক’ই প্রথম, যেটি মার্কিন প্রযুক্তি শিল্পে এমন স্বীকৃতি পেল।