Published : 15 Jul 2025, 04:45 PM
এআই প্রতিভা ‘ভাগিয়ে আনার’ প্রতিযোগিতায় নতুন চমক তৈরি করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। দুইশো ৪০ কোটি ডলারের এক চুক্তিতে উইন্ডসার্ফ-এর সিইও বরুণ মোহন’সহ আরও কয়েকজনকে চাকরিতে নিয়োগ দিয়েছে কোম্পানিটি।
শুক্রবার এক ঘোষণায় গুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোডিং স্টার্টআপ ‘উইন্ডসার্ফ’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ভারুণ মোহানকে ‘দলে ভেড়াতে’ একটি চুক্তিতে পৌঁছেছে তারা।
এ চুক্তির অংশ হিসেবে উইন্ডসার্ফ-এর আরও কিছু সিনিয়র গবেষণা ও উন্নয়ন কর্মীকেও নিয়োগ দেবে গুগল।
এ বিষয়টির সঙ্গে পরিচিত একজনের বরাত দিয়ে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, উইন্ডসার্ফে বিনিয়োগ না করলেও এআই কোম্পানিটির কিছু প্রযুক্তি ব্যবহারের জন্য ‘নন-এক্সক্লুসিভ’ লাইসেন্স নিচ্ছে সার্চ জায়ান্টটি। এক্ষেত্রে উইন্ডসার্ফ চাইলে তাদের প্রযুক্তি অন্য কোম্পানির কাছেও লাইসেন্স দিতে পারবে।
ওই সূত্র বলেছেন, এ চুক্তিতে মোট দুইশো ৪০ কোটি ডলার দিচ্ছে গুগল। যার মধ্যে রয়েছে প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স ফি ও নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন।
গুগলের একজন মুখপাত্র এক ইমেইলে লিখেছেন, “আমরা উইন্ডসার্ফ টিমের কিছু শীর্ষ এআই কোডিং বিশেষজ্ঞকে আমাদের এআই স্টার্টআপ গুগল ডিপমাইন্ড-এ স্বাগত জানাতে পেরে আনন্দিত। তারা আমাদের ‘অ্যাজেন্টিক কোডিং’ বিষয়ক কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবেন। আমরা বিশ্বজুড়ে সফটওয়্যার ডেভেলপারদের জন্য জেমিনাইয়ের সুবিধা পৌঁছে দিতে আগ্রহী।”
এপ্রিলে সিএনবিসি প্রতিবেদনে লিখেছিল, গুগল ও উইন্ডসার্ফের মধ্যে এ চুক্তির আগে তিনশ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তি নিয়ে ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা করেছিল উইন্ডসার্ফ। ওপেনএআই ও উইন্ডসার্ফ তখন একচেটিয়া চুক্তি করতে চেয়েছিল, যাতে অধিগ্রহণ চূড়ান্ত করা যায়। তবে ওপেনএআইয়ের একজন মুখপাত্র বলেছেন, সেই একচেটিয়া চুক্তির মেয়াদ এখন শেষ হয়ে গিয়েছে।
বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে এআইবিষয়ক প্রতিভা ‘ভাগিয়ে আনার’ প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলছে গুগলের এমন পদক্ষেপ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের একাধিক কর্মীকে মোটা অংকের চাকরির প্রস্তাবে নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
এআই স্ট্র্যাটেজি পরিচালনার জন্য এআইনির্ভর স্টার্টআপ ‘স্কেলএআই’য়ের প্রতিষ্ঠাতা আলেক্সান্দ্রা ওয়াং-কে নিয়োগ দিয়েছে ফেইসবুকের মূল কোম্পানিটি। মেটার এমন পদক্ষেপ স্টার্টআপটিতে একশ ৪৩ কোটি ডলারের বিনিয়োগের অংশ বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে উইন্ডসার্ফের বাণিজ্য বিভাগের প্রধান ও বর্তমানে কোম্পানির অন্তর্বর্তীকালীন সিইও জেফ ওয়াং বলেছেন, উইন্ডসার্ফের আরেক সহ-প্রতিষ্ঠাতা ডগলাস চেনও এ চুক্তির অংশ হিসেবে গুগলে যোগ দিচ্ছেন।
‘ভাইব কোডিং’ নামে পরিচিত এক নতুন ধরনের কোড লেখার পদ্ধতির জন্য বর্তমানে আরও জনপ্রিয় হয়ে উঠেছে উইন্ডসার্ফ, যেখানে আধুনিক এআই টুল ব্যবহার করে কোড লেখা হয়।
ডেভেলপার ও নন-ডেভেলপার উভয়েই কোম্পানিটির এ ধারণাকে গ্রহণ করেছে, যার ফলে উইন্ডসার্ফ ও এর প্রতিযোগীদের, যেমন ‘কার্সর’-এর, আয় বেড়েছে।
এদিকে, ওপেনএআইও কার্সর কিনতে আগ্রহ দেখিয়েছিল। এসব আগ্রহের কারণে এআইনির্ভর বিভিন্ন স্টার্টআপের মূল্য আরও বাড়িয়ে দিয়েছেন বিনিয়োগকারীরা।