১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এখনই আসছে না আইভের তৈরি প্রথম ওপেনএআই ডিভাইস

সূত্রের ভাষ্য অনুসারে, ডিভাইসটি এমন এক বন্ধু হবে, ‘যেটি কম্পিউটার হলেও অদ্ভুত কোনো এআই প্রেমিকা হবে না’।

এখনই আসছে না আইভের তৈরি প্রথম ওপেনএআই ডিভাইস
এ ডিভাইসের জন্য সঠিক ‘ব্যক্তিত্ব’ নির্ধারণের পাশাপাশি এর প্রাইভেসির বিষয়টি নিয়ে এখনও চিন্তিত ওপেনএআই ও জনি আইভ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও সাবেক অ্যাপল ডিজাইনার জনি আইভের তৈরি প্রথম এআই ডিভাইসটি বাজারে আসতে আরও সময় লাগতে পারে। এর সম্ভাব্য কারণ হচ্ছে ‘প্রযুক্তিগত চ্যালেঞ্জ’।

ওপেনএআই ও আইভ মিলে নতুন ও বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ডিভাইস আনতে চলেছেন বলে বাজারে জোর গুঞ্জন রয়েছে।

ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, এ প্রকল্পটিতে এখনও কিছু ‘প্রযুক্তিগত সমস্যা’ রয়েছে। ফলে ডিভাইসটি ২০২৬ সালে বাজারে আসার কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে।

এফটি’র সূত্র অনুসারে, ডিভাইসটির এখনো যেসব সীমাবদ্ধতা রয়েছে তার একটি হচ্ছে এর এআই অ্যাসিস্ট্যান্টের কণ্ঠস্বর ও ব্যবহার কেমন হবে তা ঠিক করার বিষয়টি। এক সূত্রের ভাষ্য অনুসারে, ডিভাইসটি এমন এক বন্ধু হবে, ‘যেটি কম্পিউটার হলেও অদ্ভুত কোনো এআই প্রেমিকা হবে না’।

এ ডিভাইসের জন্য সঠিক ‘ব্যক্তিত্ব’ নির্ধারণের পাশাপাশি এর প্রাইভেসির বিষয়টি নিয়ে এখনও চিন্তিত ওপেনএআই ও আইভ। কারণ ডিভাইসটি সব সময়ই ব্যবহারকারীর কথা শুনবে। ফলে এ নিয়ে উদ্বেগের বিষয়টি স্বাভাবিক।

এ ছাড়া, ডিভাইসটি চালাতে যে পরিমাণ কম্পিউটিং শক্তি লাগবে তা তুলনামূলক অন্যান্য এআই সহকারীর চেয়ে বেশি, ফলে এখানে বাজেটের বিষয়টিও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সাম্প্রতিক এসব সমস্যার বাইরে আসন্ন এ ডিভাইসটি সম্পর্কে এখনো খুব বেশি তথ্য প্রকাশ করেনি ওপেনএআই। তবে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান কর্মীদের কিছু ইঙ্গিত দিয়েছেন, যা থেকে ধারণা করা হচ্ছে, ডিভাইসটি হতে পারে পকেট-আকারের, পরিবেশ সম্পর্কে সচেতন ও এতে কোনো স্ক্রিন বা ডিসপ্লে থাকবে না।

এনগ্যাজেট লিখেছে, কোম্পনিটির এই প্রথম হার্ডওয়্যার প্রকল্প আসলে কেমন হবে তা নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। এবার একটু বেশি সতর্কভাবে এগোচ্ছে ওপেনএআই, কারণ এর আগে কোম্পানিটির একই ধরনের ‘হিউম্যান এআই পিন’ নামের এক ডিভাইসের প্রকল্প বাজারে যথেষ্ট সাড়া না পেয়ে বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন…

'অ্যাপলেরজনি আইভ যোগ দিলেন ওপেনএআইয়ে

মানবসভ্যতা আরও ভালো কিছু পাওয়ার দাবিদারজনি আইভ