১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আগামী শরতেই আসতে পারে ইনটেল চালিত কোপাইলট+ পিসি

ইনটেলের বর্তমান চিপ মডেল ‘মিটিওর লেক’-এর থেকে তিনগুণ বেশি এআই কার্যকারিতা থাকবে লুনার লেক নামের মডেলটিতে। প্রতি সেকেন্ডে ৪ লাখ কোটি এনপিইউ অপারেশন (টপস) সমর্থন করবে এ চিপ।

আগামী শরতেই আসতে পারে ইনটেল চালিত কোপাইলট+ পিসি
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:54 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

সম্প্রতি বেশ কিছু পিসি নির্মাতা কোম্পানি তাদের প্রথম কোপাইলট+ পিসি উন্মোচন করেছে। তবে, এর সবগুলোর চালিকাশক্তি হিসেবে রয়েছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকমের চিপ।

এরইমধ্যে আরেক শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি ইনটেল মঙ্গলবার জানিয়েছে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে আসতে চলেছে কোম্পানির লুনার লেক নামের চিপ সিরিজ। আর এ চিপটি সম্পূর্ণ কোপাইলট+ এআই ফিচার সমর্থন করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

ছুটির মৌসুমের জন্য ২০টির বেশি হার্ডওয়্যার অংশীদারের সঙ্গে মিলে, ৮০টিরও বেশি নতুন মডেলের ল্যাপটপ সরবারহ করা শুরুর কথা জানিয়েছে চিপ নির্মাতা কোম্পানিটি। একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে পিসিগুলোতে ‘রিকল’ ও ‘কোক্রিয়াটর’-এর মতো নতুন কোপাইলট+ এআই ফিচার যুক্ত হবে।

এ বছর ৪ কোটির বেশি এআই পিসির চিপ সরবরাহ করার আশা প্রকাশ করেছে চিপ নির্মাতা কোম্পানিটি, যার মধ্যে জেনারেটিভ এআই ফিচারের জন্য একটি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) অন্তর্ভুক্ত রয়েছে।

ইনটেলের দাবি, তাদের বর্তমান চিপ মডেল ‘মিটিওর লেক’-এর থেকে তিনগুণ বেশি এআই কার্যকারিতা থাকবে লুনার লেক নামের মডেলটিতে। প্রতি সেকেন্ডে ৪ লাখ কোটি এনপিইউ অপারেশন (টপস) সমর্থন করবে এ চিপ।

“লুনার লেকের উন্মোচন নিরাপত্তা ও ব্যাটারি লাইফের মতো বিষয়ে অর্থপূর্ণ উন্নতি আনবে। ইনটেলের সঙ্গে আমাদের অংশিদারিত্বকে বিশেষ ধন্যবাদ।” – এক  প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছেন মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড ডিভাইসের ভিপি পবন দাভুলুরি।

“লুনার লেককে ৪০+ টপস এনপিইউসহ বাজারে আসতে দেখে আমরা উচ্ছ্বাসিত। এটি মাইক্রোসফট-এর কোপাইলট+ অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে।”