চ্যাটজিপিটিতে বয়স যাচাইয়ে নতুন টুল আনছে ওপেনএআই
চ্যাটজিপিটি ভুলবশত কাউকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করলেও সেই ভুল সংশোধনের জন্য ব্যবহারকারীকে নিজের একটি সেলফি জমা দিতে হবে।
ব্যবহারকারীদের বয়স অনুসারে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের দৌড়ে এবার শামিল হয়েছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। কোনো ব্যবহারকারী অপ্রাপ্তবয়স্ক কি না তা শনাক্তে বিশ্বজুড়ে বয়স যাচাইকরণ টুল চালু করছে কোম্পানিটি।
ওপেনএআই বলেছে, “এ সিস্টেমটি ব্যবহারকারীর আচরণের ধরন ও অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করবে। যেমন অ্যাকাউন্টটি কতদিন আগের, দিনের কোন সময়ে ব্যবহারকারী বেশি সক্রিয় থাকেন ও ব্যবহারের ধরন কেমন এমন সব বিষয়।”
চ্যাটজিপিটি ভুলবশত কাউকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করলেও সেই ভুল সংশোধনের জন্য ব্যবহারকারীকে ‘পারসোনা’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের একটি সেলফি জমা দিতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
বেশিরভাগ এআই কোম্পানি প্রথমে নতুন সব ফিচার বাজারে আনে, তারপরে যখন সেগুলো কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন জোড়াতালি দিয়ে নিরাপত্তা ব্যবস্থা বসানোর চেষ্টা করে।
কিছুদিন আগেই চ্যাটজিপিটি ব্যবহার করে এক টিনএজারের আত্মহত্যার ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে তার মা-বাবা। এরপরই অপ্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট নিয়ন্ত্রণে কড়াকড়ি ও মানসিক স্বাস্থ্য পরামর্শক কমিটি গঠনের কথা ভাবতে শুরু করে কোম্পানিটি।
বর্তমানে ‘অ্যাডাল্ট মোড’ বা প্রাপ্তবয়স্কদের উপযোগী ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই, যেখানে ব্যবহারকারীরা এমন সব কনটেন্ট তৈরি বা দেখতে পারবেন, যা সাধারণত সেন্সর করা থাকে।
তবে ‘রোবলক্স’-এর মতো অন্যান্য প্ল্যাটফর্মের উদাহরণ টেনে অনেকেই বলছেন, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় এসব কোম্পানির ইতিহাস খুব একটা ভালো নয়।
ফলে প্রাপ্তবয়স্কদের মতো চ্যাটজিপিটি ব্যবহারের জন্য বর্তমানের এসব নিরাপত্তা টুল ফাঁকি দেওয়ার পথ ঠিকই খুঁজে নেবে কম বয়সী ব্যবহারকারীরা।
আরও পড়ুন…
