অ্যান্ড্রয়েড ফোনে সিম লক চালু করবেন যেভাবে
স্ক্রিন লকের মতো একটি বাড়তি নিরাপত্তার স্তর হিসেবে কাজ করে সিম কার্ড লক। সিম আনলক না করা পর্যন্ত সিম কোম্পানির পরিষেবাগুলো ব্যবহার করতে বাধা দেয় এটি ৷
সিম কার্ড মোবাইল ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ এক জিনিস। সিম কার্ডের সাহায্যেই কল করা যায় বা মেসেজ পাঠানো যায়। এ ছাড়া, ফোন সেবাদাতার ইন্টারনেট সংযোগ ব্যবহার করতেও সিম কার্ড প্রয়োজন।
প্রতিটি সিম কার্ডের জন্য ফোন নম্বর থাকে, আর ফোন নম্বরটি ক্যারিয়ার বা কোম্পানির নেটওয়ার্কে ব্যবহারকারীকে শনাক্ত করতে সাহায্য করে। আর এটি নিশ্চিত করে ব্যংকিং সতর্কতা, যাচাইকরণ কোড ও ব্যক্তিগত তথ্য রয়েছে এমন মেসেজ ব্যবহারকারীর কাছে সঠিকভাবে পৌঁছেছে।
ব্যবহারকারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ রাখার জন্যই সিম কার্ড লক চালু করা দরকার। তবে তার আগে জানা দরকার, সিম কার্ড লক কীভাবে কাজ করে?
স্ক্রিন লকের মতো একটি বাড়তি নিরাপত্তার স্তর হিসেবে কাজ করে সিম কার্ড লক। সিম আনলক না করা পর্যন্ত সিম কোম্পানির পরিষেবাগুলো ব্যবহার করতে বাধা দেয় এটি ৷ এ লকটি ক্যারিয়ার লক থেকে আলাদা, ক্যারিয়ার লকের অর্থ একটি ফোনে শুধু নির্দিষ্ট কোম্পানির সিম ব্যবহার করা যাবে।
সিম কার্ড লক একটি পিন কোড; প্রতিবার ফোন অন করার সময় সিম ব্যবহারের জন্য অবশ্যই পিনটি লিখতে হবে। লক করা সিম অন্য ফোনে সরানো হলেও পিন ছাড়া ব্যবহার করা যাবে না। ফলে, সিম কার্ড লক চালু করা থাকলে, সিমটি অপরাধীদের হাতে পড়লেও তারা ব্যবহার করতে পারবে না।
সিম কার্ড লক চালু করার আরও একটি কারণ হল সিম ফিশিং। স্ক্যামাররা সিম কার্ডে অ্যাক্সেস পেতে ও মোবাইল ডিভাইস নিয়ন্ত্রণ করতে সিম ফিশিং ব্যবহার করে, যা সিম সোয়াপিং নামেও পরিচিত। এ জন্য, তারা সামাজিক মিডিয়া ও অন্যান্য অ্যাকাউন্ট থেকে যতটা সম্ভব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে তারা এসব ব্যবহার করে সিম কোম্পানিকেও প্রতারণার ফাঁদে ফেলে এবং সিম ব্যবহারকারী সেজে সব ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।
তবে, সিম কার্ড লক চালু করা থাকলে অপরাধীদের আটকে ফেলতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যন্ড্রয়েড পুলিস।
কীভাবে চালু করবেন?
সিম কার্ড লক সেট আপ করার জন্য অবশ্যই অপারেটরের দেওয়া ডিফল্ট পাসকোডটি জানতে হবে। এটি ফোন অথবা সিমের বাক্সে থাকে। সিম কার্ড লক চালু করার আগে অবশ্যই ডিফল্ট পিনটি জেনে নিন। কারণ কয়েকবার ভুল পিন দিলেই সিম থেকে ‘লক আউট’ হয়ে যাওয়ার ভয় আছে।
সিম লক চালু করার জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১.ফিচারটি চালু করার জন্য প্রথমে সেটিংস অ্যাপ খুলুন।
২.নিচে স্ক্রল করে ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ অপশনে চাপ দিন।
৩.পরের স্ক্রিনের নিচের দিকে ‘মোর সিকিউরিটি সেটিংস’ অপশনে চাপ দিন।
৪.‘সিম কার্ড লক’ অপশনে চাপ দিন।
৫.‘লক সিম কার্ড’ অপশনের টগলটি চালু করুন।
৬.এ পর্যায়ে ‘ডফল্ট পিন’ চাইতে পারে ডিভাইসটি।
৭.সিম কার্ড লক চালু হওয়ার পর ‘চেঞ্জ সিম পিন’ অপশনে চাপ দিয়ে পিন পরিবর্তন করে নিতে পারেন।
৮.পুরানো পিন লিখুন, এরপরে নিজের পছন্দ অনুসারে নতুন পিন লিখুন। ‘ওকে’ অপশনে চাপ দিন। পুরনো পিন লেখার সময় সতর্ক থাকুন, তিন বারের বেশি ভুল পিন লিখলে সিমটি ব্লক হয়ে যাবে।
পিন পরিবর্তন করারর পর, ফিচারটি ঠিকভাবে চালু হয়েছে কিনা সেটি পরীক্ষা করার জন্য ফোনটি অফ অন করে বা সিমটি অন্য ফোনে ঢুকিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। সিমটি ভিন্ন ফোনে স্থানান্তর করা হলে, সেটি আইফোন হোক আর অ্যান্ড্রয়েড আনলক না করা পর্যন্ত সিম ব্যবহার করা যাবেনা বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিস।
সিম লকড আউট হলে কী করবেন?
কেউ ভুলবশত তিনভার ভুল পিন লেখার কারণে সিমটি লক আউট হয়ে গেলে, ফোনটি আট সংখ্যার একটি ‘পার্সোনাল আনলক কি’ (পাক) কোড প্রবেশ করতে অনুরোধ করবে। পাক কোড সাধারণত সিমের প্যাকেট বা বাক্সে দেওয়া থাকে। বাক্সটি হারিয়ে ফেললে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে পাক কোডটি জেনে নিতে পারেন।
