Published : 28 Aug 2022, 06:40 PM
সাইবার আক্রমণের শিকার হয়েছে পাসওয়ার্ড ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম লাস্টপাস। বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি নিজেই।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে পরিচিতি আছে লাস্টপাসের। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডারের প্রতিবেদন অনুযায়ী গত দুই বছরে প্ল্যাটফর্মটিতে যোগ হয়েছে আড়াই কোটির বেশি গ্রাহক।
পুরো ঘটনা ব্যাখ্যা করে সকল ব্যবহারকারীকে একটি ইমেইল বার্তা পাঠিয়েছে লাস্টপাস। পাশাপাশি, গ্রাহকদের আশ্বস্ত করে কোম্পানিটি বলছে, আক্রমণের শিকার হলেও গ্রাহকদের পাসওয়ার্ডসহ সকল ‘স্পর্শকাতর’ তথ্য নিরাপদ আছে।
নিজের স্বাক্ষর করা ইমেইলে কোম্পানির সিইও কারিম তউব্বা বলেছেন, লাস্টপাসের এক কর্মীর অ্যাকাউন্ট হাতিয়ে নিয়েছে হ্যাকার, যে কারণে প্ল্যাটফর্মটির কিছু অংশে প্রবেশাধিকার পেয়েছে তারা।
“স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে আমাদের পণ্য ও সেবা।” --বলেছেন তউব্বা।
অস্বাভাবিক কার্যক্রম
লাস্টপাসের কর্মী কীভাবে তার অ্যাকাউন্ট হারিয়েছেন, এটি কোনো ‘ফিশিং’ আক্রমণ বা ম্যালওয়্যার বিষয়ক ত্রুটি কি না, এ বিষয়গুলো ব্যাখ্যা করেননি তউব্বা।
এই ‘অস্বাভাবিক কার্যক্রম’ প্রথমবার নজরে আসার পর তদন্তে নেমেছে লাস্টপাস। তবে, কোম্পানির গ্রাহক ডেটা বা পাসওয়ার্ড সংগ্রহে প্রবেশের কোনো প্রমাণ মেলেনি।
এই ঘটনার পর ‘নিয়ন্ত্রণ ও প্রশমন’ দুটো ব্যবস্থাই কার্যকর করে বিষয়টি তদন্তের জন্য এক নেতৃস্থানীয় সাইবার নিরাপত্তা ও ফরেনসিক কোম্পানিকে নিয়োগ দিয়েছে লাস্টপাস।
“তদন্ত চলার পরও আমরা একে নিয়ন্ত্রণ করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করেছি। তবে, অননুমোদিত কার্যক্রমের কোন প্রমাণ মেলেনি।”
“আমরা যা শিখছি, সেটির ওপর ভিত্তি করে প্ল্যাটফর্মের পরিবেশকে শক্তিশালী করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছি আমরা।”
লাস্টপাস আরও জানিয়েছে, প্ল্যাটফর্মের মূল পাসওয়ার্ড ও ‘ভল্ট ডেটা’র পাশাপাশি নিরাপদ আছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। এ নিয়ে গ্রাহকদের “এই মূহুর্তে কিছু না করার” পরামর্শ দিয়েছে কোম্পানিটি।
পাসওয়ার্ড ম্যানেজার এমন একটি টুল, যা ব্যবহারকারীকে শক্তিশালী পাসওয়ার্ড তৈরিতে ও তা নিরাপদে সংরক্ষণ করতে সাহায্য করে। এ ছাড়া, ব্যবহারকারীকে নিয়মিত পাসওয়ার্ড আপডেটের সুযোগও দেয় লাস্টপাসের মতো প্ল্যাটফর্মগুলো।
ব্যবসায়িক ও ব্যক্তিগত, দুটো ক্ষেত্রেই পাসওয়ার্ডকে আলাদা, নিরাপদ ও নিয়মিত সতেজ রাখতে এই সব প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।