২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নিপীড়ণ: অস্ট্রেলিয়ায় জরিমানার হুমকিতে মাইক্রোসফট, মেটা, অ্যাপল

"যতো বেশি কোম্পানি এনক্রিপ্টেড মেসেজিং সেবা ও লাইভস্ট্রিমিংয়ের মতো সুবিধা আনবে, বিভিন্ন ক্ষতিকারক কনটেন্ট ততোই এসব প্ল্যাটফর্মে কোনো ধরনের যাচাইবাছাই ছাড়া ছড়ানোর ভয় থাকবে।”

শিশু নিপীড়ণ: অস্ট্রেলিয়ায় জরিমানার হুমকিতে মাইক্রোসফট, মেটা, অ্যাপল

ছবি: পিক্সাবে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 05:58 PM

Updated : 30 Aug 2022, 05:58 PM

প্ল্যাটফর্মে শিশু নিপীড়ণ সংশ্লিষ্ট কনটেন্ট শনাক্ত ও এ বিষয়ে করণীয় পদক্ষেপের কৌশল প্রকাশ করতে ব্যর্থ হলে অ্যাপল, মেটা ও মাইক্রোসফটসহ আর্থিক জরিমানার হুমকি দিয়েছে অস্ট্রেলিয়া।

দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষায় গঠিত সংস্থা দ্য ই-সেইফটি কমিশনার এ বিষয়ে চিঠি দিয়েছে শীর্ষ তিন প্রযুক্তি কোম্পানিকে।

অনলাইনে নিপীড়ণ সংশ্লিষ্ট কনটেন্ট শনাক্ত ও সরিয়ে ফেলার বিষয়ে কোম্পানিগুলো যে কর্মকৌশল ব্যবহার করে তা প্রকাশ করার নির্দেশ রয়েছে ওই চিঠিতে। চিঠি পাওয়ার ২৮ দিনের মধ্যে আদেশ মানতে ব্যর্থ হলে প্রতিদিন সাড়ে পাঁচ লাখ অস্ট্রেলীয় ডলারের বেশি বা তিন লাখ ৮৩ হাজার মার্কিন ডলার জরিমানা করার কথাও উল্লেখ রয়েছে।

অস্ট্রেলীয় সংস্থাটি এ বিষয়ে গত জানুয়ারি মাস থেকে কার্যকর একটি আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

২০২১ সাল থেকে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরোপ করা বিভিন্ন কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় এই হুমকি এলো। এর আগে দেশটি স্থানীয় সংবাদ প্রকাশকদের কনটেন্ট প্রচারের বিপরীতে সংবাদমাধ্যমগুলোকে অর্থ প্রদানের আইন এবং মানহানীকর কনটেন্ট পোস্ট করা বিভিন্ন বেনামী অ্যাকাউন্টের বিস্তারিত প্রদানের আইন পাশ করেছে।

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা লঙ্ঘন না করে শিশু নিপীড়ণ বিষয়ক কনটেন্ট, এনক্রিপ্ট করা মেসেজিং ব্যবস্থা ও বিভিন্ন স্ট্রিমিং সেবায় নজরদারির উপায় খুঁজে বের করার প্রশ্নে এরইমধ্যে চাপের মধ্যে আছে বিশ্বের বিভিন্ন সামাজিক মাধ্যম কোম্পানি।

সংস্থাটির কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট এক বিবৃতিতে বলেছেন, – “এই কার্যক্রম এখন আর কেবল ডার্ক ওয়েবের বিভিন্ন কোণায় সীমাবদ্ধ নেই। বরং নিত্যদিন আমাদের ও শিশুদের ব্যবহৃত মূলধারার প্ল্যাটফর্মেও এর প্রচলন হয়েছে।

"যতো বেশি কোম্পানি এনক্রিপ্টেড মেসেজিং সেবা ও লাইভস্ট্রিমিংয়ের মতো সুবিধা আনবে, বিভিন্ন ক্ষতিকারক কনটেন্ট ততোই এসব প্ল্যাটফর্মে কোনো ধরনের যাচাইবাছাই ছাড়া ছড়ানোর ভয় থাকবে।”

ভিডিও কলিং সেবা স্কাইপের মালিক মাইক্রোসফট এই চিঠি পেয়েছে এবং ২৮ দিনের মধ্যে এর বিপরীতে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক মুখপাত্র।

হোয়াটসঅ্যাপ মেসেজিং সেবার মালিক প্রতিষ্ঠান মেটার মুখপাত্র বলেছেন, কোম্পানিটি এখনও এই চিঠি পর্যবেক্ষণ করছে। তবে, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্থাটির সঙ্গে ‘সক্রিয়ভাবে কাজ করার আশ্বাস’ দিয়েছে তারা।

এ প্রসঙ্গে রয়টার্স ফেইসটাইম, আইমেসেজ ও আইক্লাউডের মালিক প্রতিষ্ঠান অ্যাপলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।

‘ইউ.এস. ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’-এর দেওয়া একটি পরিসংখ্যান উল্লেখ করেছে ই-সেইফটি কমিশনার।

ওই পরিসংখ্যান অনুযায়ী, এই বছর বিভিন্ন ইন্টারনেট কোম্পানির কাছ থেকে শিশু নিপীড়ণ বিষয়ক কনটেন্ট নিয়ে সর্বমোট দুই কোটি ৯১ লাখ অভিযোগ এসেছে, যার মধ্যে কেবল ১৬০টি অ্যাপলের বিরুদ্ধে। তবে, ফেইসবুকের বিরুদ্ধে এই অভিযোগ সংখ্যা দুই কোটি ২০ লাখ।