২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে আসছে এআই চালিত ‘ডেটিং অ্যাসিস্ট্যান্ট’

নতুন ফিচার দুটি মূলত ব্যবহারকারীদের ‘সোয়াইপ ফ্যাটিগ’ বা বারবার ডানে-বামে সোয়াইপ করে ক্লান্ত হয়ে পড়ার অভিজ্ঞতা কমাতে সাহায্য করবে।

ফেইসবুকে আসছে এআই চালিত ‘ডেটিং অ্যাসিস্ট্যান্ট’
ব্যবহারকারীর আগ্রহ অনুসারে সম্ভাব্য সঙ্গী খুঁজে দেবে ফিচারটি। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ভালোবাসা আর সঙ্গীর খোঁজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন নতুন সহায়ক হিসেবে হাজির হল ফেইসবুক ডেটিংয়ে। একসঙ্গে দুটি নতুন এআই ফিচার যোগ করেছে জনপ্রিয় এই সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম।

প্রথমটি হচ্ছে, ‘ডেটিং অ্যাসিস্ট্যান্ট’ নামের এক চ্যাটবট, যা ব্যবহারকারীর আগ্রহ অনুসারে সম্ভাব্য সঙ্গী খুঁজে দেবে। এ ফিচারের উদাহরণ হিসেবে এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ‘আমাকে ব্রুকলিনের একজন প্রযুক্তি খাতের মেয়েকে খুঁজে দাও’, এরপর সঙ্গে সঙ্গে তাদের তালিকা চলে এল। 

চ্যাটবটটি ডেটিংয়ের নতুন আইডিয়ার পরামর্শ দেবে বা ব্যবহারকারীর প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। 

ফিচারটি ধাপে ধাপে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের ‘ম্যাচেস’ ট্যাবে চালু করবে মেটা। কোম্পানিটি আশা করছে, ব্যবহারকারীরা ফিচারটি দায়িত্বশীলভাবে ব্যবহার করবেন।

দ্বিতীয় এআই ফিচারটির নাম ‘মিট কিউট’, যা এক ধরনের ‘পার্সোনালাইজড ম্যাচিং অ্যালগরিদম’ ব্যবহার করে প্রতি সপ্তাহে ব্যবহারকারীর জন্য হঠাৎ করে এমন একজনকে সাজেস্ট করবে যাকে তার পছন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর অ্যালগরিদম কীভাবে কাজ করবে সে সম্পর্কে ব্লগ পোস্টে কিছু বলেনি মেটা। ব্যবহারকারীরা চাইলে সাজেস্ট অপশন ব্যবহার না-ও করতে পারেন।

মেটার দাবি, এই দুটি নতুন ফিচার মূলত ব্যবহারকারীদের ‘সোয়াইপ ফ্যাটিগ’ বা বারবার ডানে-বামে সোয়াইপ করে ক্লান্ত হয়ে পড়ার অভিজ্ঞতা কমাতে সাহায্য করবে। ফলে যারা এখনও ফেইসবুক ব্যবহার করেন তবে সোয়াইপ করতে করতে বিরক্ত তাদের ক্ষেত্রে সমাধান হয়ে উঠতে পারে এআইনির্ভর এসব ফিচার।

গত বছর ওপেনএআইয়ের সঙ্গে দুই কোটি ডলারেরও বেশি মূল্যে পার্টনারশিপ করেছে টিন্ডার, হিঞ্জ, ওকেকিউপিড’সহ অনেক অ্যাপের মালিক ‘ম্যাচ গ্রুপ’। এ পার্টনারশিপকে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছেন অনেকে। কারণ গত পাঁচ বছরে ম্যাচ গ্রুপের শেয়ারমূল্য কমেছে প্রায় ৬৮ শতাংশ।

এ বিনিয়োগের ফলে অ্যাপগুলোতে কিছু নতুন ফিচার এসেছে। যার মধ্যে রয়েছে টিন্ডার-এর এআই ফটো সিলেক্টর টুল, যা ব্যবহারকারীর ক্যামেরা রোল স্ক্যান করে সেরা প্রোফাইল ছবিগুলো বাছাই করতে সাহায্য করে। 

এ ছাড়া এসেছে এআইচালিত ম্যাচিং ফিচার। ‘হিঞ্জ’-এ এমন এক ফিচার যোগ হয়েছে, যেখানে ব্যবহারকারীরা তাদের প্রোফাইল প্রশ্নের বিভিন্ন উত্তর এআইয়ের সাহায্যে আরও উন্নত করতে পারেন।