২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একীভূত হচ্ছে মাস্কের ২ কোম্পানি স্পেসএক্স-এক্সএআই

একসময় মাস্ক বলেছিলেন, যতক্ষণ না মঙ্গল গ্রহে মানুষের পা পড়ছে ততক্ষণ পাবলিক লিমিটেড কোম্পানি হবে না স্পেসএক্স।

একীভূত হচ্ছে মাস্কের ২ কোম্পানি স্পেসএক্স-এক্সএআই
মাস্কের সাম্প্রতিক পরিকল্পনার মূল ভিত্তি এআই ডেটা সেন্টারকে রকেটেন সাহায্যে মহাকাশে পাঠিয়ে দেওয়া। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 03:52 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

একীভূত হতে চলেছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের দুই কোম্পানি স্পেসএক্স ও এক্সএআই।

বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, একীভূত হওয়ার প্রাথমিক আলোচনা শুরু করেছে মাস্কের কোম্পানি দুটি। তাদের মূল লক্ষ্য, শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার আগেই নিজেদের শক্তি কয়েক গুণ বাড়িয়ে নেওয়া।

এ দুই কোম্পানির মহাপরিকল্পনার বড় একটি অংশ হচ্ছে মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার বসানো। তবে এগুলো খুব দূরে নয়, আপাতত এসব ডেটা সেন্টার পৃথিবীর কক্ষপথ পর্যন্তই সীমিত থাকবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

গত সপ্তাহে খবর বেরিয়েছিল নিজের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স’কে শেয়ার বাজারে তালিকাভুক্তের পরিকল্পনা করছেন মাস্ক। অথচ একসময় তিনি বলেছিলেন, যতক্ষণ না মঙ্গল গ্রহে মানুষের পা পড়ছে ততক্ষণ পাবলিক লিমিটেড কোম্পানি হবে না স্পেসএক্স।

তবে সেই অবস্থান বদলে এখন সম্ভবত এ বছরই কোম্পানিটি আইপিও ঘোষণা করতে যাচ্ছে। পরিকল্পিত এ একত্রীকরণের আওতায়, মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই-এ বিনিয়োগকারীরা তাদের শেয়ারের বিনিময়ে স্পেসএক্সের শেয়ার পাবেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এ বড় চুক্তিটি সম্পন্ন করার সুবিধার্থে গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে দুটি নতুন প্রাতিষ্ঠানিক ইউনিটও গঠিত হয়েছে।

মাস্কের দুই কোম্পানি এক হয়ে যাওয়ার ঘটনা অনেকের কাছেই পরিচিত। কারণ এক বছরেরও কম সময় আগে ঠিক এমনটিই ঘটেছিল।

২০২৫ সালের মার্চে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’কে কিনে নেয় তারই কোম্পানি এক্সএআই। ফলে একই ছাদের নিচে চলে আসে স্টার্টআপটির এআই চ্যাটবট গ্রক ও এক্স। এর মধ্যে গ্রক অনুমতি ছাড়া মানুষের আপত্তিকর ছবি তৈরির জন্য বিতর্কিত। অপরদিকে, উগ্র-ডানপন্থীদের স্বর্গরাজ্য হিসেবে এখন খ্যাত এক্স।

ওই সময় এই দুই বিতর্কিত সত্তার মিলনকে অনেকেই প্রযুক্তি বিশ্বের এক ‘অশুভ আঁতাত’ হিসেবে দেখছিলেন।

মাস্কের সাম্প্রতিক পরিকল্পনার মূল ভিত্তি এআই ডেটা সেন্টারকে রকেটের সাহায্যে মহাকাশে পাঠিয়ে দেওয়া।

গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের ক্ষমতাধর ও ধনকুবেরদের এক সম্মেলনে মাস্ক বলেছেন, “এআই পরিচালনার জন্য মহাকাশই হবে পৃথিবীর সবচেয়ে সাশ্রয়ী জায়গা। আগামী দুই বা বড়জোর তিন বছরের মধ্যেই তা বাস্তবে রূপ নেবে।”

মাস্কের ধারণা অনুসারে, পৃথিবীর কক্ষপথে থাকা এসব ডেটা সেন্টার সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করবে এবং মহাকাশের ঠান্ডা পরিবেশে এগুলোকে শীতল রাখার খরচও অনেক কমে আসবে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তারা এ পরিকল্পনাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন। তারা প্রশ্ন তুলেছেন, মহাকাশে এ বিপুল পরিমাণ বিনিয়োগের পর সত্যিই কি আশানুরূপ খরচ বাঁচানো সম্ভব হবে?

অনেকের মতে, বর্তমানের এ ‘এআই জোয়ার’ কোনোদিন থমকে গেলে মাস্কের এই উচ্চাভিলাষী পরিকল্পনা আক্ষরিক অর্থে না হলেও আর্থিকভাবে পুরোপুরি ভস্মীভূত হয়ে যেতে পারে।