২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলাভজনক অবস্থান থেকে সরে আসবে ওপেনএআই?

২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসাবে শুরু হয়েছিল ওপেনএআই, যা বিভিন্ন দাতাদের থেকে আসা অর্থের ওপর নির্ভর করে।

অলাভজনক অবস্থান থেকে সরে আসবে ওপেনএআই?
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2024, 05:09 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

আগামী বছরই নিজেদের জটিল অলাভজনক কাঠামো পরিবর্তন করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই।

কোম্পানির সিইও স্যাম অল্টম্যান সাপ্তাহিক মিটিং চলাকালিন কর্মীদের বিষয়টি জানিয়েছেন বলে উঠে এসেছে মার্কিন সাময়িকী ফরচুন-এর প্রতিবেদনে।

অলাভজনক সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া থেকে সরে গিয়ে আরও প্রথাগত লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ওপেনএআই – বলেন অল্টম্যান।

তবে, কোম্পানি কীভাবে এ লক্ষ্য অর্জন করবে এবং ওপেনএআইয়ের কর্পোরেট কাঠামো ঠিক কেমন হবে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

তবে, ফরচুনকে ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেছেন, মানুষের উপকারে আসবে এমন এআই মডেল তৈরির কাজ কোম্পানিটি চালিয়ে যাবে এবং অলাভজনক কাঠামো কোম্পানির মূল কাঠামোর কেন্দ্রে আছে এবং সেভাবেই থাকবে।

২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসাবে শুরু হয়েছিল ওপেনএআই, যা বিভিন্ন দাতার থেকে আসা অর্থের ওপর নির্ভর করে এগিয়েছে।

কোম্পানির অবকাঠামো ব্যাখ্যা করা এক লেখায় বলা হয়েছে, কয়েক বছর ধরে তারা মোট ১৩ কোটি ৫ লাখ ডলার অনুদান সংগ্রহ করেছে, যা ইঙ্গিত দেয় “কোম্পানির মূল গবেষণা এগিয়ে নেওয়ার জন্য দরকারি ব্যয় কেবল অনুদানের মাধ্যমে পূরণ হবে না।”

এই সমস্যা সমাধানের জন্যই তখনকার পুরোপুরি অলাভজনক এ কোম্পানি লাভজনক এক অঙ্গপ্রতিষ্ঠান তৈরি করেছিল বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

ফরচুনের ব্যাখ্যা অনুসারে, ওপেনএআইয়ের অলাভজনক সংস্থা বর্তমানে তার লাভজনক অঙ্গপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। এই অঙ্গপ্রতিষ্ঠানটি আবার একটি হোল্ডিং কোম্পানিকে নিয়ন্ত্রণ করে যা মাইক্রোসফটের মতো কোম্পানির কাছ থেকে বিনিয়োগ নেয়।

এই কাঠামোর অধীনে, মাইক্রোসফটসহ অন্যান্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা মুনাফার একটি ক্যাপ বা সীমা রয়েছে। এ সীমার বাইরে সব লাভ ওপেনএআইয়ের অলাভজনক বিভাগে যায়।

জুন মাসে প্রকাশিত ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, কোম্পানির আয় বাড়ছে। চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন সংস্করণের মাধ্যমে বছরের প্রথমার্ধেই ওপেনএআই বার্ষিক আয় দ্বিগুণ করেছে বলেও উল্লেখ করা হয়।

কোম্পানির এমন জটিল কাঠামোর জোরেই ওপেনএআই বোর্ড ২০২৩ সালে স্যাম অল্টম্যানকে ক্ষমতাচ্যুত করে, যার কারণ হিসেবে দেখানো হয়েছিল, “ওপেনএআইয়ের নেতৃত্ব দেওয়ার জন্য অল্টম্যানের ক্ষমতার ওপর ভরসা ছিল না বোর্ডের।”

তবে, এর পাঁচ দিন পরেই বোর্ড ভেঙে দেওয়া হয় এবং অল্টম্যানকে সিইও পদে পুনর্বহাল করা হয়েছিল।

আরও খবর:

যুক্তি দিতে সক্ষম নতুন এআই মডেল আনলো ওপেনএআই