১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ব্লুস্কাইয়ের বোর্ডও ছাড়লেন জ্যাক ডরসি

আপাতত ব্লুস্কাই’য়ের পরিচালনা পর্ষদে কেবল দুইজন সদস্য রয়েছেন, সিইও জে গ্রেবার ও ‘জ্যাবার/এক্সএমপিপি’-এর উদ্ভাবক জেরেমি মিলার।

এবার ব্লুস্কাইয়ের বোর্ডও ছাড়লেন জ্যাক ডরসি
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 06:50 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই’য়ের পরিচালনা পর্ষদে আর নেই টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।

সম্প্রতি ব্লুস্কাই’তে দেওয়া দুটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্লাটফর্মটি। ডরসির হাত ধরেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি যাত্রা শুরু হয়েছিল।

ডরসি’কে ধন্যবাদ জানিয়ে এক পোস্টে ব্লুস্কাই বলেছে, তারা একজন নতুন বোর্ড সদস্যের খোঁজ করছে, “যিনি একটি সামাজিক নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে আমাদের অঙ্গীকারকে গুরুত্ব দেবেন, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।”

টুইটারের সহপ্রতিষ্ঠাতাও জ্যাক ডরসি। এক্স নামে এখন পরিচিত প্ল্যাটফর্মেই  এক ব্যবহারকারী ডরসিকে প্রশ্ন করেন, তিনি এখনও ব্লুস্কাই’য়ের পরিচালনা পর্ষদে আছেন কি না। 

জবাবে ডরসি এক শব্দে উত্তর দিয়েছেন, “না।”

প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে লিখেছে, ডরসি রোববার ব্লুস্কাই’য়ের পরিচালনা পর্ষদ থেকে সরে এসেছেন।

পাশাপাশি ইলন মাস্কের ‘এক্স’ প্ল্যাটফর্মকে ‘প্রযুক্তির স্বাধীনতা’ হিসাবে উল্লেখ করে সেখানে তিনটি অ্যাকাউন্ট রেখে বাকী সবকটি অ্যাকাউন্ট আনফলো করে দেন তিনি।

তবে, কীভাবে পরিচালনা পর্ষদ ছাড়লেন বা এতে না থাকার কারণ হিসেবে ডরসি বা ব্লুস্কাই কেউই কিছু বলেনি। আপাতত ব্লুস্কাই’য়ের পরিচালনা পর্ষদে কেবল দুইজন সদস্য রয়েছেন, সিইও জে গ্রেবার ও ‘জ্যাবার/এক্সএমপিপি’-এর উদ্ভাবক জেরেমি মিলার।

২০১৯ সালে ডরসি ব্লুস্কাই’ প্রতিষ্ঠা করেন। একে তিনি একটি ‘ওপেন-সোর্স’ সামাজিক মাধ্যম হিসাবে তৈরি করতে চেয়েছেন, যা তিনি টুইটারে করতে সক্ষম হননি। 

২০২২ সালে টুইটার থেকে সরে আসার পরে ডরসি ব্লুস্কাই’য়ের পরিচালনা পর্ষদে যোগ দেন।

তবে, আপাতদৃষ্টিতে এ কোম্পানিতে ডরসি বিশেষভাবে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। 

মার্চ মাসে ভার্জ যখন প্ল্যাটফর্মটির নির্বাহী প্রধান গ্রেবারকে ব্লুস্কাই’য়ের সঙ্গে ডরসি’র সম্পৃক্ততার বিষয়ে জানতে প্রশ্ন করেছিলেন তখন গ্রেবার বলেছিলেন, ডরসির কাছ থেকে ‘মাঝেমধ্যে কিছু মতামত’ তিনি পান। 

সেই সাক্ষাৎকারের কয়েক মাস আগে ডরসি তার ব্লুস্কাই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন। 

তবে, এমন মন্তব্যের জন্য ভার্জের অনুরোধের তাৎক্ষণিক সাড়া দেয়নি ব্লুস্কাই।