অতঃপর চালু হল মেটার নতুন অ্যাপ ‘থ্রেডস’
অ্যাপটি চালু হওয়ার প্রথম চার ঘণ্টার মধ্যেই এতে ৫০ লাখ ব্যবহারকারী সাইন আপ করেছেন। জাকারবার্গের দাবি, প্ল্যাটফর্মটি ‘সফল হবে একে ব্যবহারবান্ধব করে তোলার কারণে’।
আগে আলোচক, পত্রিকা আর প্রযুক্তি সাইটগুলো বলছিল। এবার মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন, ‘থ্রেডস’ নামের নতুন অ্যাপটি সামাজিক মাধ্যম টুইটারকে হারিয়ে দেবে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই অ্যাপ সম্প্রতি টুইটারে আনা পরিবর্তন নিয়ে নাখোশ ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে।
আপাতত ইউরোপীয় ইউনিয়নে অ্যাপটি উন্মোচিত হচ্ছে না। তবে, নতুন এই অ্যাপে ব্যবহারকারীরা পাঁচশটি পর্যন্ত ‘অক্ষর’ পোস্ট করতে পারবেন। এর অনেক ফিচারই টুইটারের সঙ্গে মিলে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
জাকারবার্গের দাবি, অ্যাপটি চালু হওয়ার প্রথম চার ঘণ্টার মধ্যেই এতে ৫০ লাখ ব্যবহারকারী সাইন আপ করেছেন।
এর আগে তিনি বলেন, প্ল্যাটফর্মটি ‘সফল হবে একে ব্যবহারবান্ধব করে তোলার কারণে’।
এদিকে টুইটার প্রধান ইলন মাস্ক তার প্রতিক্রিয়ায় বলেন, “ইনস্টাগ্রামের ‘কষ্ট আড়াল করা নকল সুখে’র চেয়ে টুইটারে অপরিচিত ব্যক্তির আক্রমণের মুখে পড়া বরং ভালো।”
থ্রেডস অ্যাপ ‘টুইটারের চেয়েও বড়’ হয়ে উঠবে কি না, ওই প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেন, “এতে কিছুটা সময় লাগবে। তবে আমি মনে করি এটা এমন কথোপকথনমূলক অ্যাপ হবে যেখানে একশ কোটিরও বেশি ব্যবহারকারী থাকবে।”
“এর আগে টুইটারের কাছে সুযোগ এলেও তারা সেটা কাজে লাগাতে পারেনি। আশা করি, আমরা এটা করতে পারব।”
নতুন অ্যাপটি কী পরিমাণ ডেটা ব্যবহার করতে পারে, তা নিয়ে সমালোচনা করেছে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো। অ্যাপলের অ্যাপ স্টোরের তথ্য অনুসারে, এর মধ্যে ব্যবহারকারীর পরিচয় বহন করা স্বাস্থ্য, আর্থিক ও ব্রাউজিং ডেটাও থাকতে পারে।
যুক্তরাজ্য’সহ একশ’র বেশি দেশে নতুন অ্যাপটি চালু হলেও নিয়ন্ত্রকদের শঙ্কার কারণে এটি এখনও ইইউ’তে আসেনি বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
‘প্রাথমিক সংস্করণ’
ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা নতুন এই অ্যাপকে ডাকছে ‘প্রাথমিক সংস্করণ’ বা ‘ইনিশিয়াল ভার্সন’ হিসেবে। ভবিষ্যতে এতে মাস্টোডনের মতো মেসেজিং ফিচার যোগ করাও কোম্পানির পরিকল্পনার মধ্যে রয়েছে।
“থ্রেডস নিয়ে আমাদের লক্ষ্য হল, ইনস্টাগ্রাম যেটি সবচেয়ে ভাল করে, তা গ্রহণ করে একে পাঠযোগ্য সংস্করণে আনা।” --উন্মোচনের আগে বলেছে মেটা।
এটি একটি ‘স্ট্যান্ডঅ্যালোন’ অ্যাপ হলেও ব্যবহারকারীকে এতে লগ ইন করতে হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে। এটি ব্যবহারকারীর ইনস্টাগ্রাম ইউজার নেইম বহন করলেও পরবর্তীতে প্রোফাইল কাস্টমাইজ করার অপশনও আছে এতে।
মেটা বলছে, ব্যবহারকারী ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টগুলো ফলো করেন, তাদের এখানেও ফলো করার সুযোগ থাকবে।
গত বছর মেটার ‘হুইসলব্লোয়ার’ ফ্রান্সিস হাউগেন বলেন, কোম্পানি ‘সুরক্ষার চেয়ে আর্থিক লাভকে’ অগ্রাধিকার দিয়েছে। এ ছাড়া, মেটার বিভিন্ন প্ল্যাটফর্মের মডারেশন ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি।
এর আগে কোম্পানি এমন এক স্ক্যান্ডালের মুখে পড়েছিল, যেখানে ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা’সহ বিভিন্ন থার্ড পার্টির কাছে ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস দিয়েছিল।
এরইমধ্যে ব্লুস্কাই ও মাস্টোডনের মতো টুইটারের বেশ কয়েকটি বিকল্প সামাজিক মাধ্যম এসেছে। তবে, এগুলো তেমন সাড়া জাগাতে পারেনি।
তবে, ইনস্টাগ্রামে কোটি কোটি ব্যবহারকারী থাকায় থ্রেডস ‘বড় এক সুবিধা’ পাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
থ্রেডস কীভাবে কাজ করে?
থ্রেডস অ্যাপের বিভিন্ন পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে। আবার এর উল্টোটাও হতে পারে। আর এতে বিভিন্ন লিংক, ছবি ও পাঁচ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও পোস্ট করা যাবে।
তবে, বুধবার ছবি আপলোডের সময় ‘টিথারিং জটিলতার’ ইঙ্গিত দিয়ে অভিযোগ জানিয়েছেন অ্যাপের কয়েকজন প্রাথমিক ব্যবহারকারী।
ব্যবহারকারী এতে একটি পোস্ট ফিড দেখতে পান, যেটিকে মেটা ডাকছে ‘থ্রেডস’ নামে। আর এতে ব্যবহারকারীর ফলো করা অ্যাকাউন্ট থেকে শুরু করে রেকমেন্ড করা কনটেন্টও দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ব্যবহারকারীকে কারা ‘মেনশন’ করতে পারবেন, সেটি নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিভিন্ন পোস্টে সুনির্দিষ্ট শব্দ থাকা রিপ্লাইও ‘ফিল্টার আউট’ করা যায় এতে।
এতে বিভিন্ন প্রোফাইল ‘আনফলো, ব্লক, রেস্ট্রিক্ট বা রিপোর্ট’ করা সম্ভব। আর ইনস্টাগ্রামে ব্লক করা অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে থ্রেডস-এও ব্লকড অবস্থায় থাকবে।
অ্যাপটি ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করার দিকে মেটা জোর দিলেও বিভিন্ন গণমাধ্যমে এর টুইটারের সঙ্গে মিল থাকার বিষয়টিই বেশি চাউর হয়েছে। এমনকি কয়েকজন বিনিয়োগকারী একে ‘টুইটার কিলার অ্যাপ’ বলেও আখ্যা দিয়েছেন।
অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর থেকে টুইটারের অনেক ব্যবহারকারীই মাস্কের ‘অনিয়মিত আচরণ ও রাজনৈতিক মতামতের’ বিষয়টি উল্লেখ করে প্ল্যাটফর্ম ও তার মালিকানা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে, থ্রেডস অ্যাপ যুক্তরাজ্যে চালু হলেও ইইউ’র সদস্য দেশগুলোয় এখনও প্রবেশ করেনি এটি। বিশেষভাবে ইইউ’র ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’-এ থাকা নিয়ন্ত্রক সংশ্লিষ্ট অনিশ্চয়তাকে এর কারণ হিসেবে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ওই আইনে মেটার মতো শীর্ষ কোম্পানির নিজস্ব প্ল্যাটফর্মগুলোর মধ্যে ডেটা শেয়ারিং নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ফলে, থ্রেডস ও ইনস্টাগ্রামের মধ্যে ডেটা শেয়ারিং নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
কোম্পানি বলছে, তারা ইইউ’তে অ্যাপ চালু করার বিষয়টি বিবেচনায় রেখেছে।
