Published : 03 Mar 2026, 10:36 AM
মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনের সঙ্গে এআই ব্যবহারের চুক্তির পর ‘নৈতিক আদর্শ বিসর্জনে’র অভিযোগে লাখ লাখ ব্যবহারকারী চ্যাটজিপিটি ছেড়ে এখন ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যাপ ক্লড’সহ অন্যান্য এআই চ্যাটবট ব্যবহারের দিকে ঝুঁকছেন।
ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট লিখেছে, পেন্টাগনের সঙ্গে এ চুক্তির কথা শুক্রবার ঘোষণা করে ওপেনএআই। এর আগে, এআই স্টার্টআপ অ্যানথ্রপিক-এর সঙ্গে সব ধরনের ফেডারেল সরকারি সংস্থার চুক্তি বাতিলের কথা বলেছে ট্রাম্প প্রশাসন।
এদিকে, উদ্বেগ প্রকাশ করে অ্যানথ্রপিক বলেছিল, তাদের প্রযুক্তি গণ নজরদারি ও অটোনমাস অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে।
অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই বলেছেন, “বিবেকের তাড়নায় আমরা পেন্টাগনের অনুরোধ মেনে নিতে পারছি না।”
তিনি আরও বলেছেন, সরকার তাদের ‘সাপ্লাই চেইন রিস্ক’ বা সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার হুমকি দিচ্ছে। সাধারণত এ তকমাটি কেবল শত্রু দেশগুলোর জন্য ব্যবহৃত হয় এবং আগে কখনও কোনো মার্কিন কোম্পানির ওপর এমন ব্যবস্থা প্রয়োগ হয়নি।
শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লিখেছেন, “অ্যানথ্রপিকের বামপন্থী মাথাপাগলরা সমর দপ্তরের ওপর জোর খাটাচ্ছে এবং আমাদের সংবিধানের বদলে তাদের নিজস্ব ‘টার্মস অফ সার্ভিস’ মানতে বাধ্য করে ভয়াবহ ভুল করেছে।”
এ ঘটনার পরপরই অ্যাপলের অ্যাপ স্টোর চার্টে ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষে উঠে এসেছে অ্যানথ্রপিকের চ্যাটবট ক্লড, যা ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে গেছে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, পেন্টাগনের সঙ্গে তাদের এ চুক্তির ফলে মার্কিন সামরিক বাহিনী তাদের গোপন সিস্টেমে এআই ব্যবহারের সুযোগ পাবে।
তবে তিনি দাবি করেছেন, মার্কিন সমর দপ্তর ‘নিরাপত্তার বিষয়টি খুব সম্মানের সঙ্গে দেখে’ ও প্রযুক্তির অপব্যবহার রোধে সংস্থাটি তাদের সুরক্ষা নীতিমালা মেনে চলবে।
এক্স-এ দেওয়া এক বিবৃতিতে অল্টম্যান লিখেছেন, “আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নিরাপত্তা নীতি হচ্ছে, দেশের অভ্যন্তরে গণ নজরদারি নিষিদ্ধ এবং যুদ্ধের ময়দানে শক্তি ব্যবহারের ক্ষেত্রে মানুষের জবাবদিহিতা নিশ্চিত করা, বিশেষ করে অটোনমাস অস্ত্র ব্যবহারের বেলায়।
“মার্কিন প্রতিরক্ষা দপ্তর এসব নীতির সঙ্গে একমত এবং তাদের আইন ও নীতিমালায় এর প্রতিফলন রয়েছে। আমাদের চুক্তিতেও এসব বিষয় অন্তর্ভুক্ত আছে।”
আর, পতন ঠেকানোর চেষ্টায় অল্টম্যানের এ ঘোষণা চ্যাটজিপিটি বয়কটের আন্দোলনকে আরও চাঙ্গা করেছে।
রেডিট-এর ১ কোটি ১০ লাখ সদস্যের ‘আর/চ্যাটজিপিটি’ নামের বড় এক কমিউনিটিতে একটি পোস্ট এখন সবার ওপরে রয়েছে, যেখানে ব্যবহারকারীদের অ্যাপটির সাবস্ক্রিপশন বাতিলের জন্য সরাসরি আহ্বান জানানো হচ্ছে।
ওই পোস্টে বলা হয়েছে, “ওপেনএআই শয়তানের সঙ্গে চুক্তি করেছে। অল্টম্যান মনে করেছেন যে কোম্পানির মূল আদর্শের চেয়ে প্রতিরক্ষা খাতের অর্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
পোস্টটিতে ব্যবহারকারীদের চ্যাটজিপিটি ছেড়ে ক্লড-এ চলে যাওয়ার অনুরোধ করে বলা হয়েছে, চ্যাটজিপিটির সব ডেটা ও প্রজেক্ট সহজেই ক্লড চ্যাটবটে সরিয়ে নেওয়া সম্ভব।
এ বিষয়ে মন্তব্যের জন্য ইন্ডিপেনডেন্টের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই।