সরকারি কাজে এআই, ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি যুক্তরাজ্যের
এর আগেও, এ বছরের শুরুতে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী মার্কিন সার্চ জায়ান্ট গুগল ও এআই স্টার্টআপ অ্যানথ্রপিক-এর সঙ্গে এ ধরনের চুক্তি করেছে যুক্তরাজ্য।
সরকারি বিভিন্ন পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কাজের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য।
চুক্তিটি হয়েছে ওপেনএআই ও যুক্তরাজ্যের বিজ্ঞান বিভাগের মধ্যে। এ চুক্তিতে সরকারের কিছু তথ্য বা ডেটা ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে এআই কোম্পানিটিকে। পাশাপাশি ওপেনএআইয়ের তৈরি এআই সফটওয়্যার যুক্তরাজ্যের শিক্ষা, প্রতিরক্ষা, নিরাপত্তা ও আদালতের মতো গুরুত্বপূর্ণ সরকারি খাতেও ব্যবহার করা হবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
যুক্তরাজ্যের প্রযুক্তি মন্ত্রী পিটার কাইল বলেছেন, ‘যুক্তরাজ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে মৌলিক ভূমিকা রাখবে’ এআই এবং ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিও বাড়িয়ে তুলবে’ এই চুক্তি।
বিবিসি লিখেছে, এর আগেও লেবার সরকারের এআই গ্রহণের বিষয়টি সমালোচিত হয়েছে। কিছু প্রচারক ও সংগীতশিল্পীরা অভিযোগ করেছেন, এআই তাদের সংগীত অনুমতি ছাড়া ব্যবহার করছে, যা মেনে নিতে পারছেন না তারা।
সমঝোতা স্মারকে উল্লেখ রয়েছে, যুক্তরাজ্য ও ওপেনএআই ‘একসঙ্গে কাজ করবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ভালোভাবে বুঝতে ও সেইসব ঝুঁকি কমিয়ে আনতে পারে’ তারা।
স্মারকে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য ও ওপেনএআই এক ‘তথ্য শেয়ারের কর্মসূচি’ তৈরি করতে পারে, যেখানে তারা ‘এমন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবে, যা সাধারণ মানুষকে রক্ষার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখবে’।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, এ পরিকল্পনা ‘সবার জন্য সমৃদ্ধি রয়ে আনবে’।
তিনি আরও বলেছেন, ‘জাতি গঠনের জন্য এআই এমন এক প্রযুক্তি, যা দেশের উন্নয়ন ঘটাবে, অর্থনীতিকে বদলে দেবে ও প্রবৃদ্ধি নিশ্চিত করবে’।
বিবিসি লিখেছে, এ চুক্তি এমন সময়ে হল যখন দেশের স্থবির অর্থনীতিকে চাঙ্গা করার উপায় খুঁজছে যুক্তরাজ্য সরকার। এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.১ শতাংশ থেকে ০.২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটি।
যুক্তরাজ্য সরকার স্পষ্ট করে বলেছে, এআই খাতে বিনিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত তারা। এর আগেও, এ বছরের শুরুতে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী মার্কিন সার্চ জায়ান্ট গুগল ও এআই স্টার্টআপ অ্যানথ্রপিক-এর সঙ্গে এ ধরনের চুক্তি করেছে দেশটি।
সরকার বলেছে, ওপেনএআইয়ের সঙ্গে এই চুক্তির ‘মানে হতে পারে বিশ্বকে বদলে দেওয়া এআই প্রযুক্তি যুক্তরাজ্যেই বিকাশ করা হবে, যা নতুন আবিষ্কারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে।’
ব্যবহারকারীদের দেওয়া নির্দেশ বা প্রম্পট থেকে লেখা, ছবি, ভিডিও ও সংগীত তৈরি করতে পারে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো বিভিন্ন জেনারেটিভ এআই সফটওয়্যার।
বই, ছবি, চলচ্চিত্রের ভিডিও ও গানসহ নানা ধরনের তথ্যের উপর ভিত্তি করে এসব কনটেন্ট তৈরি করে এআই। এতে কপিরাইট লঙ্ঘনের সম্ভাবনা বা এসব তথ্য অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
প্রম্পটের উপর ভিত্তি করে মিথ্যা তথ্য বা মন্দ পরামর্শ দেওয়ার জন্যও সমালোচনার মুখে পড়েছে এআই।
