১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবার ব্যবহারকারীর হয়ে বন্ধুদের মেসেজ পাঠাবে চ্যাটজিপিটি

এআইয়ের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার নীতিগত বিতর্ক বা স্বয়ংক্রিয় মেসেজ নিয়ে অস্বস্তির পাশাপাশি নতুন প্রযুক্তি অ্যাপলের সঙ্গে ওপেনএআইয়ের বিরোধ উস্কে দিতে পারে।

এবার ব্যবহারকারীর হয়ে বন্ধুদের মেসেজ পাঠাবে চ্যাটজিপিটি
নতুন ফিচারের মাধ্যমে সহজে পুরানো বার্তা খোঁজা, মেসেজের খবরাখবর রাখা ও খসড়া তৈরি করে তা সরাসরি পাঠানো যাবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 03:46 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ব্যবহারকারীর পক্ষ থেকে বার্তা লেখা ও পাঠাতে চ্যাটজিপিটিতে নতুন ফিচার যোগ করেছে ওপেনএআই। ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত চ্যাটবটটিকে এ সংক্রান্ত অনুমতি দিয়েছে কোম্পানিটি।

কার সঙ্গে কী কথা হচ্ছে তা বিশ্লেষণের জন্য চ্যাটজিপিটি এখন ব্যবহারকারীর পুরানো বিভিন্ন বার্তাও পড়ে দেখার সুবিধা পাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

আইফোন ও ম্যাকের মধ্যে আলাপের আরও উন্নত সমন্বয় বা সিঙ্ক সুবিধাসহ বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েছে ম্যাক সংস্করণে।

এআইয়ের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার নীতিগত বিতর্ক বা স্বয়ংক্রিয় মেসেজ নিয়ে অস্বস্তির পাশাপাশি নতুন প্রযুক্তি অ্যাপলের সঙ্গে ওপেনএআইয়ের বিরোধ উস্কেও দিতে পারে।

ব্যবহারকারীর তথ্যের প্রাইভেসি রক্ষায় অ্যাপল বরাবরই কঠোর। সিরি’র নতুন সংস্করণ উন্মোচনের সময়েও অ্যাপল বলেছিল, বার্তা বোঝা বা লেখার কাজে ব্যবহৃত কোনো উপাত্তই আইফোনের বাইরে যাবে না।

এ ছাড়া, বাণিজ্য প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে দুই কোম্পানির চলমান আইনি লড়াইয়ের কারণে এমনিতেই ওপেনএআই ও অ্যাপলের সম্পর্ক বেশ তিক্ত।

নতুন এ ফিচারকে দৈনন্দিন যোগাযোগের মাধ্যমকে ‘সহজ করার উদ্যোগ’ বলে বর্ণনা করেছে ওপেনএআই।

এক ঘোষণায় কোম্পানিটি বলেছে, নতুন ফিচারের মাধ্যমে সহজে পুরানো বার্তা খোঁজা, মেসেজের খবরাখবর রাখা ও খসড়া তৈরি করে তা সরাসরি পাঠানো যাবে।

ওপেনএআইয়ের পণ্য প্রধান আরি ওয়েনস্টাইন বলেছেন, নতুন আপডেটে অ্যাপলের ‘আইমেসেজ’-এর সঙ্গে চ্যাটজিপিটির সরাসরি সংযোগ ঘটানো হয়েছে। এর মাধ্যমে চ্যাটবটটি ব্যবহারকারীর হয়ে বার্তা পড়া ও পাঠানোর পাশাপাশি কার সঙ্গে কী বিষয়ে কথা হচ্ছে তার বিশ্লেষণধর্মী ধারণাও দেবে।

উদাহরণ হিসেবে ওয়েনস্টাইন দেখিয়েছেন কীভাবে চ্যাটজিপিটিকে কবিতা লিখে তা বন্ধুর কাছে পাঠানোর নির্দেশ দেওয়া যায়। তবে সাধারণ দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রেই এমনটা ব্যবহারের পরামর্শ দিয়েছে কোম্পানিটি।

প্রাইভেসি ও নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ কমাতে ওপেনএআই বলেছে, ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে নিজ দায়িত্বে তা চালু করতে হবে। যে কোনো বার্তা পাঠানোর আগে চ্যাটজিপিটি সবসময় ব্যবহারকারীর অনুমতি চাইবে। তবে কেউ চাইলে শর্তটি বন্ধ করে রাখতে পারেন।

এদিকে, ইউরোপের বাজারগুলোর জন্য চ্যাটজিপিটিতে ‘কম্পিউটার হিস্ট্রি’ নামে আরেকটি আলোচিত ফিচার যোগ করেছে ওপেনএআই।

ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে নতুন চালু হওয়া এ সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর কম্পিউটারের অ্যাপ ও কাজের ধরন পর্যবেক্ষণ করবে, যা পরবর্তীতে জটিল ও নিয়মিত বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সাহায্য করবে।