Published : 18 Jan 2026, 03:54 PM
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চ্যাটজিপিটির ভেতর বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করতে যাচ্ছে অ্যাপটির নির্মাতা ওপেনএআই।
শুক্রবার এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, যুক্তরাষ্ট্রে যারা চ্যাটজিপিটির ফ্রি ও ‘গো’ সংস্করণ ব্যবহার করছেন চ্যাটবটের সঙ্গে কথোপকথনের নিচে বিভিন্ন স্পনসর করা পণ্য বা বিজ্ঞাপন দেখতে পাবেন তারা।
ওপেনএআই আরও বলেছে, ‘এসব বিজ্ঞাপন স্পষ্টভাবে আলাদা করা ও এতে লেবেলও লাগানো থাকবে’, যাতে সাধারণ উত্তরের সঙ্গে তা মিলে না যায়। এসব বিজ্ঞাপন চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না।
“আপনার জন্য কোনটি সবচেয়ে বেশি সহায়ক তার ওপর ভিত্তি করেই বিভিন্ন উত্তর তৈরি করবে অ্যাপটি।”
স্বাস্থ্য, মানসিক অবস্থা বা বর্তমান রাজনীতি এমন সব সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলার সময় ব্যবহারকারীদের কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।
এ ছাড়া, ১৮ বছরের কম বয়সীদের জন্যও কোনো বিজ্ঞাপন থাকবে না।
প্রাইভেসির বিষয়ে ওপেনএআই স্পষ্ট করে বলেছে, বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীর কোনো তথ্য বিক্রি বা শেয়ার করবে না তারা। ব্যবহারকারীরা চাইলে এসব বিজ্ঞাপন ব্যক্তিগত পছন্দ অনুসারে বন্ধ করতে পারবেন এবং বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত বিভিন্ন তথ্য মুছে ফেলার সুযোগও থাকবে।
ওপেনএআই বলেছে, “চ্যাটজিপিটি ব্যবহারের ক্ষেত্রে বিজ্ঞাপন না দেখার সুযোগ সবসময়ই থাকবে, যেমন সাবস্ক্রিপশন বা পেইড সংস্করণে কোনো বিজ্ঞাপন থাকবে না”।
ব্যবহারকারীরা চাইলে কোনো বিজ্ঞাপন সরিয়ে দিতে পারবেন, তবে সেক্ষেত্রে কেন তারা বিজ্ঞাপনটিতে আগ্রহ দেখাননি তার কারণ জানতে চাওয়া হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
ওপেনএআই বলেছে, “এআই যা করতে পারে তা বিবেচনা করে আমরা এমন কিছু নতুন অভিজ্ঞতা তৈরি করতে মুখিয়ে রয়েছি, যেটি সাধারণ বিজ্ঞাপনের চেয়ে মানুষের কাছে অনেক বেশি সহায়ক ও প্রাসঙ্গিক হবে। চ্যাটিং বা কথোপকথনের এ মাধ্যমটি মানুষকে কেবল নির্দিষ্ট কোনো বার্তা বা লিংকের গণ্ডি পেরিয়ে আরও নতুন কিছু পাওয়ার সুযোগ করে দেবে।”
কোম্পানিটি এ-ও স্পষ্ট করেছে, তাদের “দীর্ঘমেয়াদী লক্ষ্য এমন সব পণ্য তৈরি করা, যা সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে এতটাই মূল্যবান হবে যে তারা অর্থ দিয়ে তা ব্যবহার করতে আগ্রহী হবে।”
সেই লক্ষ্যেই এখন যুক্তরাষ্ট্রেও ‘চ্যাটজিপিটি গো’ সাবস্ক্রিপশন সুবিধা চালু করবে ওপেনএআই। গত বছরের অগাস্টে প্রথমবারের মতো ভারতে এ সংস্করণটি চালু করার পর তাদের দামি বিভিন্ন ‘প্লাস’ ও ‘প্রো’ প্ল্যানের তুলনায় একে সাশ্রয়ী এক বিকল্প হিসেবে প্রচার করেছিল কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রে এ ‘গো’ প্ল্যানটির দাম হবে মাসে ৮ ডলার, যা ‘প্লাস’ প্ল্যানের চেয়ে ১২ ডলার কম। এতে ফ্রি ব্যবহারকারীদের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ পাঠানো, ফাইল আপলোড ও ছবি তৈরির সুবিধা মিলবে।
এ ছাড়া এ সাবস্ক্রিপশনে চ্যাটজিপিটির ‘মেমোরি’ বা মনে রাখার সক্ষমতাও বাড়বে। ফলে চ্যাটবটটি আগের কথোপকথনের খুঁটিনাটি আরও ভালোভাবে মনে রাখবে।
তবে ব্যবহারকারীদের মনে রাখতে হবে, এসব প্যাকেজেও তাদের বিজ্ঞাপন দেখতে হবে। বিজ্ঞাপনহীন সুবিধা পেতে হলে ওপেনএআইয়ের ‘প্লাস’ বা ‘প্রো’ প্ল্যান বেছে নিতে হবে তাদের।