১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেন্টাগন চুক্তির জেরে ওপেনএআই ছাড়লেন হার্ডওয়্যার প্রধান

পেন্টাগনের সঙ্গে ওপেনএআইয়ের সাম্প্রতিক এক চুক্তির বিষয়ে উদ্বেগ জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পেন্টাগন চুক্তির জেরে ওপেনএআই ছাড়লেন হার্ডওয়্যার প্রধান
এর আগে, মেটা’র অগমেন্টেড রিয়ালিটি বা ভিআর হার্ডওয়্যার তৈরির প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। ছবি: ফেইসবুক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 02:14 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

পদত্যাগ করেছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের হার্ডওয়্যার প্রধান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে কোম্পানিটির বিতর্কিত এক সামরিক চুক্তিই তার এই সিদ্ধান্তের কারণ। 

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্লাউড নেটওয়ার্কে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের এই সিদ্ধান্তকে ‘তড়িঘড়ি’ বলেও বর্ণনা করেছেন এই হার্ডওর‌্যার প্রধান।

রয়টার্স লিখেছে, শনিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্যাটলিন কালিনোস্কি। পেন্টাগনের সঙ্গে কোম্পানিটির সাম্প্রতিক এক চুক্তির বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে কালিনোস্কি লিখেছেন, পেন্টাগনের গোপন ক্লাউড নেটওয়ার্কে এআই মডেল ব্যবহারের অনুমতি দেওয়ার আগে ওপেনএআই যথেষ্ট চিন্তাভাবনার সময় নেয়নি।

“যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় এআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে আদালতের তদারকি ছাড়া আমেরিকানদের ওপর নজরদারি চালানো এবং মানুষের অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে প্রাণঘাতী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে আরও গভীর আলোচনার প্রয়োজন ছিল, যা করা হয়নি।”

তবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি কালিনোস্কি।

এক্স'-এ লিখেছেন তিনি লিখেছেন, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ও তার দলের প্রতি তার ‘গভীর শ্রদ্ধা’ রয়েছে। তবে তার মতে, কোম্পানিটি প্রয়োজনীয় সুরক্ষাকবচ বা ‘গার্ডরেইল’ নির্ধারণ না করেই পেন্টাগনের সঙ্গে এ চুক্তিটি করা হল।

এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “বিষয়টি মূলত সুশাসনের। এসব বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে, তড়িঘড়ি করে কোনো চুক্তি বা ঘোষণা দেওয়া ঠিক নয়।”

চুক্তি হওয়ার পরদিনই ওপেনএআই বলেছিল, নিজেদের প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে অতিরিক্ত সুরক্ষাকবচ তারা যোগ করেছে।

শনিবার কোম্পানিটি আবারও বলেছে, তাদের নির্ধারিত ‘রেড লাইন’ বা সীমারেখা অনুসারে, ঘরোয়া নজরদারি বা মানুষের নিয়ন্ত্রণহীন অটোনমাস মরণাস্ত্র তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে না।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “আমরা জানি এসব বিষয় নিয়ে মানুষের মধ্যে জোরালো দ্বিমত রয়েছে। ফলে আমরা এ নিয়ে আমাদের কর্মী, সরকার, সুশীল সমাজ ও বিশ্বজুড়ে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।”

কালিনোস্কি ২০২৪ সালে ওপেনএআইতে যোগ দিয়েছিলেন। এর আগে, মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা’র অগমেন্টেড রিয়ালিটি বা ভিআর হার্ডওয়্যার তৈরির প্রধান হিসেবে কাজ করেছেন তিনি।