নানা নাটকীয়তার পর ওপেনএআইয়ে ফিরলেন স্যাম অল্টম্যান
জেনারেটিভ এআই সেক্টরের শীর্ষ কোম্পানি বলে বিবেচিত ওপেনএআইয়ের এই প্রতিষ্ঠাতাকে অকস্মাৎ বের করে দেওয়ার ঘটনাটি ছিল গোটা প্রযুক্তি জগতের জন্য বড় ধাক্কা।
বোর্ডরুমের রাজনীতির জেরে প্রতিষ্ঠাতা সিইওকে চাকরিচ্যুত করার পর যে প্রবল ধাক্কা আসবে সেটি সম্ভবত অনুমান করতে পারেননি ওপেন এআইয়ের চার পরিচালক। শেষ পর্যন্ত নিজের কোম্পানিতে আগের চেয়েও বেশি কর্তৃত্ব নিয়ে ফিরেছেন স্যাম অল্টম্যান।
মঙ্গলবার দিনজুড়ে ঘণ্টায় ঘণ্টায় আপডেটের পর সিলিকন ভ্যালিতে মধ্যরাত পেরোনোর পর (বাংলাদেশ সময় বুধবার দুপুর) স্যাম অল্টম্যান সিইও হিসাবে নিজের কোম্পানিতে ফিরেছেন বলে খবর দিয়েছে রয়টার্স।
এ বিষয়ে দফায় দফায় আলোচনার-পর্যালোচনার পর বুধবার নিজেদের ভবিষ্যত নিয়ে একটি ‘সমঝোতায় পৌঁছানো’র কথা জানিয়েছে জেনারেটিভ এআই বিপ্লবের কেন্দ্রে থাকা কোম্পানিটি।
অল্টম্যানের প্রত্যাবর্তনের পাশাপাশি, তাকে বের করে দেওয়া পরিচালনা পর্ষদেরও আংশিক পরিবর্তনে রাজি হয়েছে কোম্পানিটি, জানিয়েছে রয়টার্স। সেলসফোর্সের সাবেক কো-সিইও ব্রেট টেইলর ও সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি ও অর্থনীতিবিদ ল্যারি সামার্স যোগ দেবেন পর্ষদে।
কী ঘটেছে এর আগে?
“আমি ওপেনএআইয়ে ফেরার অপেক্ষা করছি,” সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে এক এক্সপোস্টে লেখেন অল্টম্যান।
ছয়জন সদস্যের বোর্ডে চারজনই স্যাম অল্টম্যানের বিপক্ষে চলে যাওয়ায় কোম্পানি ছাড়তে বাধ্য হন অল্টম্যান। ঘনিষ্ট বন্ধু ও কোম্পানির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও কোম্পানি ছাড়েন।
আট হাজার কোটি ডলারের একটি কোম্পানিতে মাত্র ছয় জনের পরিচালনা পর্ষদ নিয়ে প্রতিবেদনে বিষ্ময় প্রকাশ করেছে বিবিসি।
অল্টম্যানকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার পেছনে ছিলেন পর্ষদ সদস্য অ্যাডাম ডি’অ্যানজেলো, তাশা ম্যাককাউলি, হেলেন টোনার এবং কোম্পানিটির তৃতীয় সহপ্রতিষ্ঠাতা ইলেয়া সুটসকেভার। তাদের মধ্যে সুটসকেভার ছাড়া আর কেউই কোম্পানিটির পেশাদার কর্মী নন।
জেনারেটিভ এআই সেক্টরের শীর্ষ কোম্পানি বলে বিবেচিত ওপেনএআইয়ের এই প্রতিষ্ঠাতাকে অকস্মাৎ বের করে দেওয়ার ঘটনাটি ছিল গোটা প্রযুক্তি জগতের জন্য বড় ধাক্কা।
ঘটনার পরদিনই কোম্পানির সাতশ ৭০ জন কর্মীর মধ্যে সাতশ ৪৩ জনই তাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেন। সেখানে তারা অল্টম্যানকে ফেরানোর আল্টিমেটাম দেন এবং একযোগে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন।
এর পরপরই অন্যতম বোর্ড সদস্য সুটসকেভার এক এক্স পোস্টে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি অল্টম্যানকে ফেরত আনার জন্য জন্য কর্মীদের প্রকাশ করা খোলা চিঠিতে নিজেও স্বাক্ষর করেন।
