Published : 05 Sep 2025, 11:53 AM
ট্রাইফোল্ড বা তিন ভাঁজের স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে ঘরোয়া বাজারে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত ও আন্তর্জাতিক বাজারে শক্তভাবে ফিরতে চাইছে স্মার্টফোন নির্মাতা চীনা কোম্পানিটি।
বৃহস্পতিবার নিজেদের ট্রাইফোল্ড স্মার্টফোনের দ্বিতীয় প্রজন্ম উন্মোচন করেছে হুয়াওয়ে।
‘হুয়াওয়ে মেট এক্সটিএস’ নামের এ নতুন স্মার্টফোনটির দাম ১৭ হাজার নয়শ ৯৯ ইউয়ান বা প্রায় দুই হাজার পাঁচশ ২০ ডলার থেকে শুরু হয়েছে এবং সবচেয়ে বড় মেমোরিসহ মডেলটির দাম ২১ হাজার নয়শ ৯৯ ইউয়ান বা প্রায় তিন হাজার ডলার বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
ফোল্ডএবল স্মার্টফোনে সাধারণত একটিই ভাঁজ থাকে, যেখানে ফোনটিকে মাঝখান থেকে ভাঁজ করা যায়। তবে হুয়াওয়ের এ নতুন স্মার্টফোনকে বলা হচ্ছে ‘ট্রাইফোল্ড’, কারণ এতে করে ফোনটিকে দুইজায়গা থেকে ভাঁজ করা যাবে। আর পুরোপুরি খোলার পর এটি ট্যাবলেটের মতো আকার নেয়।
গত বছর প্রথমবারের মতো ‘মেট এক্সটি’ নামের ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনে হুয়াওয়ে, যেটি ছিল বিশ্বের প্রথম ট্রাইফোল্ড ফোন। শুরুতে কেবল চীনে বিক্রি হলেও এ বছরের শুরুতে কিছু বিদেশি বাজারেও বিক্রি হয়েছে ফোনটি।
২০২৩ সালের শেষ দিকে চীনের স্মার্টফোন বাজারে হুয়াওয়ে যে গতি ফিরে পেয়েছে, কোম্পানিটির আশা এ নতুন স্মার্টফোনটি তাদের সেই গতি ধরে রাখতে সাহায্য করবে।
আইডিসি-এর তথ্য অনুসারে, ‘মেট টিএক্স’ বাজারে আনার পর থেকে এ বছরের দ্বিতীয় প্রান্তিকের শেষ পর্যন্ত মোট চার লাখ ৭০ হাজার ইউনিট বিক্রি করেছে হুয়াওয়ে। এতে কোম্পানির আয় হয়েছে একশ ৩০ কোটি ডলারেরও বেশি।
তবে চীনের বাইরে হুয়াওয়ের বাজার দখলের পরিসর এখনও খুবই ছোটই রয়েছে। কারণ তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার কারণেও চাপের মুখে রয়েছে শেনজেনভিত্তিক কোম্পানিটি।
নতুন ‘মেট টিএক্সএস’ ফোনে চলবে কোম্পানিটির নিজস্ব অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘হারমনিওএস ৫.১’। নতুন ফোনটিকে কাজের জন্য উপযোগী এক ডিভাইস হিসেবে উপস্থাপন করছে হুয়াওয়ে।
এ স্মার্টফোনটিতে যেসব অ্যাপ রয়েছে যেগুলো পিসির মানের মতোই, বিশেষ করে এগুলো ট্রাইফোল্ড স্ক্রিনের জন্য বিশেষভাবে তৈরি। ব্যবহারকারীরা তাদের ফোনের বড় স্ক্রিনে বিভিন্ন উইন্ডো একের ওপর সাজাতে, আকার বদলাতে ও জায়গা বদলাতেও পারবেন।
ফোনটি চারটি রঙে পাওয়া যাবে এবং এতে থাকবে ৫৬০০ মিলিঅ্যাম্প-ঘণ্টার ব্যাটারি, যা বাজারে থাকা বর্তমান বিভিন্ন ফোনের ব্যাটারির চেয়ে বড়।
ক্রেতাদের আকৃষ্ট করতে স্ক্রিন রিপ্লেসমেন্টে কম করে হলেও ৫০ শতাংশ ছাড় দিচ্ছে হুয়াওয়ে এবং ফোন সার্ভিসের জন্য বাড়িতে বা পছন্দের জায়গায় দুইবার বিনামূল্যে অফারও দিচ্ছে কোম্পানিটি।