এক্স সিইওর পদত্যাগ
২০২৩ সালের মে মাসে এক্স-এ যোগ দিয়েছিলেন লিন্ডা ইয়াকারিনো। ওই সময় টুইটার হিসেবে পরিচিত ছিল এক্স। তিনিই প্রথম প্রধান নির্বাহী হিসেবে এক্স-এর দায়িত্ব পালন শুরু করেন।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করছেন লিন্ডা ইয়াকারিনো।
বুধবার এক এক্স পোস্টে লিন্ডা বলেছেন, এক্স-এর সিইও পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।
মাস্কের এআই স্টার্টআপ ‘এক্সএআই’-এর চ্যাটবট গ্রক সামাজিক প্লাটফর্ম এক্স-এ একের পর এক ইহুদি বিদ্বেষী পোস্ট প্রকাশের পর লিন্ডার পদত্যাগের খবর এল বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম এনবিসি।
বুধবারের পোস্টে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করেননি লিন্ডা। পাশাপাশি গ্রক-এর ইহুদি বিদ্বেষী কনটেন্ট নিয়ে বিতর্ক নিয়েও কোন মন্তব্য করেননি তিনি। তবে কোম্পানিটির ব্যবসা ফিরিয়ে আনতে নিজের কাজ নিয়ে গর্ব প্রকাশ করেছেন লিন্ডা।
তিনি লিখেছেন, “আমরা সেইসব গুরুত্বপূর্ণ প্রাথমিক কাজ দিয়ে শুরু করেছিলাম, যেখানে আমাদের ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে ও বিজ্ঞাপনদাতাদের আস্থা ফিরিয়ে আনার প্রয়োজন ছিল।
“কমিউনিটি নোটস-এর মতো যুগান্তকারী উদ্ভাবন ও শিগগিরই এক্স মানি-এর মাধ্যমে প্ল্যাটফর্মে সবচেয়ে আইকনিক কনটেন্ট নিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করেছে দলটি। তবে প্লাটফর্মটির জন্য এখনও সেরা সময় আসেনি। কারণ, শিগগিরই @xai-এর সঙ্গে নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে এক্স।”
এ বিষয়ে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে লিন্ডার এ পদত্যাগের পরিকল্পনা চলছিল।
২০২৩ সালের মে মাসে এক্স-এ যোগ দিয়েছিলেন লিন্ডা। ওই সময় টুইটার হিসেবে পরিচিত ছিল এক্স। প্লাটফর্মটি চার হাজার চারশ কোটি ডলারে কেনার পর মাস্ক এর নাম বদলে এক্স রাখেন। লিন্ডাই প্রথম প্রধান নির্বাহী হিসেবে এক্স-এর দায়িত্ব পালন শুরু করেন।
এর আগে ‘এনবিসি ইউনিভার্সাল’-এর বিজ্ঞাপন বিক্রয় বিভাগের প্রধান ছিলেন লিন্ডা। সেই বছরের শেষ দিকে তিনি বলেছিলেন, কোম্পানিটিতে তার কাজ ছিল এক্স-এর ব্যবসায়িক দিকের ওপর মনোযোগ দেওয়া।
এনবিসি লিখেছে, দুই বছরের মধ্যে কোম্পানিটির কতটা কাজ লিন্ডা শেষ করতে পেরেছেন তা এখনও জানা যায়নি। এক্স’কে এমন একটি অ্যাপে রূপ দেওয়ার চেষ্টা ছিল, যেখানে নানা ধরনের কাজ করা যাবে। সেটি এখনও সফল বলে মনে হচ্ছে না। তবে এআই প্রযুক্তি, বিশেষ করে গ্রক নামের চ্যাটবটের ব্যবহার শুরু করেছে এক্স।
এদিকে, তিন হাজার তিনশ কোটি ডলারে মার্চে এক্সকে অধিগ্রহণ করেছে মাস্কেরই আরেক কোম্পানি এক্সএআই।
