১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডিপসিকের এআই মডেলের দাম হচ্ছে সাড়ে চার গুণ

নতুন মডেল উন্মোচনের পাশাপাশি অগাস্ট থেকে চালু হতে যাওয়া এ সিদ্ধান্তের ফলে অবসান ঘটছে কোম্পানিটির অতি-সাশ্রয়ী এআই সেবার যুগের।

ডিপসিকের এআই মডেলের দাম হচ্ছে সাড়ে চার গুণ
ব্যস্ত সময়ে ‘ডিপসিক ভি৪ প্রো’ মডেলের প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য খরচ পড়বে ৩.৯৬ ডলার। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 02:01 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

পশ্চিমা প্রতিদ্বন্দীদের চেয়ে কম খরচে সেবা দিয়ে সাড়া জাগানো চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ডিপসিক এবার তাদের এআই মডেলের দাম তিন গুণেরও বেশি বাড়াতে যাচ্ছে।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, নতুন মডেল উন্মোচনের পাশাপাশি ১৬ অগাস্ট থেকে চালু হতে যাওয়া এ সিদ্ধান্তের ফলে অবসান ঘটছে কোম্পানিটির অতি-সাশ্রয়ী-এআই-সেবা যুগের।

‘ডিপসিক ভি৪ প্রো’ নামের নতুন মডেল উন্মোচনের পাশাপাশি নিজেদের এপিআই ব্যবহারের খরচ সাড়ে চার গুণ পর্যন্ত করছে ডিপসিক।

কোম্পানিটি বলেছে, সম্পদের সঠিক বণ্টন ও ব্যবহারে সামঞ্জস্য আনতে তারা ব্যস্ত সময় ও স্বাভাবিক সময় এ দুই ভাগে নতুন দাম নির্ধারণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

আগামী ১৬ অগাস্ট থেকে ব্যস্ত সময়ে ‘ডিপসিক ভি৪ প্রো’ মডেলের প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য খরচ পড়বে ৩.৯৬ ডলার, যা বর্তমান ০.৮৭ ডলার হারের চার গুণেরও বেশি। তবে স্বাভাবিক সময়ে এই খরচ নেমে আসবে অর্ধেকে, অর্থাৎ ১.৯৮ ডলারে।

অন্যদিকে, ‘ডিপসিক ভি৪ ফ্ল্যাশ’ মডেল ব্যবহারের ক্ষেত্রে প্রতি ১০ লাখ আউটপুট টোকেনে স্বাভাবিক সময়ে ০.৬৬ ডলার খরচ হলেও ব্যস্ত সময়ে তা বেড়ে দাঁড়াবে ১.৩২ ডলারে, যা আগে ছিল কেবল ০.২৮ ডলার।

ডিপসিকের বর্তমান এপিআইয়ের দাম ৩১ মে পর্যন্ত একটি প্রচারণামূলক অফার হিসেবে থাকার কথা থাকলেও মে মাসে কোম্পানিটি এ কম দাম স্থায়ী করার ঘোষণা দিয়েছিল।

তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত বদলে দামবৃদ্ধির পথেই হাঁটল চীনা এআই নির্মাতা কোম্পানিটি।

শিগগির ডিপসিকের সেবারে মূল্য চার গুণের বেশি হয়ে উঠলেও তাদের ‘ভি৪’ এআই মডেলগুলো প্রতিযোগী অনেক কোম্পানির তুলনায় এখনও সাশ্রয়ী।

আরেক চীনা কোম্পানি ‘মুনশট’-এর ‘কিমি কে৩’ মডেলে প্রতি ১০ লাখ আউটপুট টোকেনে খরচ পড়ে ১৫ ডলার।

অন্যদিকে, ওপেনএআইয়ের সবচেয়ে তথ্যওয়ালা ও উন্নত মডেল ‘জিটিপি-৫.৬ সল’-এর ব্যবহারে গুনতে হয় ৩০ ডলার।

ওপেনএআইয়ের তুলনামূলক কম খরচের সংস্করণ ‘জিটিপি-৫.৬ লুনা’-এর প্রতি ১০ লাখ টোকেনের দাম কেবল ১.২০ ডলার, যা ডিপসিকের ‘ভি৪ ফ্ল্যাশ’ মডেলের ব্যস্ত সময়ের হারের চেয়েও কম।