২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল জেমিনাইয়ে আসছে ‘প্রজেক্টস’ ফিচার

ধারণা করা হচ্ছে এটি ‘নোটবুকএলএম’-এর মতোই হবে। পার্থক্য শুধু, ফিচারটি সরাসরি জেমিনাইয়ের ভেতরেই ব্যবহার করা যাবে আলাদা অ্যাপের প্রয়োজন হবে না।

গুগল জেমিনাইয়ে আসছে ‘প্রজেক্টস’ ফিচার
চ্যাটজিপিটির প্রজেক্টস ফিচারের সঙ্গে পাল্লা দেবে গুগলের এই ফিচার। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 02:25 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

গুগল তাদের এআই প্ল্যাটফর্ম জেমিনাইতে আনতে যাচ্ছে নতুন ফিচার ‘প্রজেক্টস’। এটি এমন এক টুল যা দিয়ে ব্যবহারকারী কাজ ও তথ্য আরও ভালোভাবে গুছিয়ে রাখতে পারবেন। ওপেনএআইয়ের চ্যাটজিপিটির জনপ্রিয় প্রজেক্টস ফিচারের সঙ্গে পাল্লা দিতেই গুগল এই পদক্ষেপ নিচ্ছে।

গত অগাস্টে ‘টেস্টিংক্যাটালগের’ টুইট থেকে খবরটি প্রথম সামনে আসে। প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচার খুব শিগগিরই ব্যবহারকারীদের জন্য চালু হতে যাচ্ছে।

গুগল অ্যাপের একটি ভার্সন ঘেঁটে জেমিনাই মোবাইল ইউআই-তে প্রজেক্টস ফিচারের আভাস মিলেছে। যদিও এটি এখনো সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে অ্যাপের সাইড মেনুতে ‘মাই স্টাফ’-এর ঠিক নিচে প্রজেক্টস অপশন যুক্ত হতে চলেছে। 

তবে প্রাথমিকভাবে মোবাইল অ্যাপ থেকে সরাসরি প্রজেক্ট তৈরি করা যাবে না। ওই অ্যাপে দেখানো টেক্সটে বলা হয়েছে, ব্যবহারকারীরা প্রজেক্ট তৈরি করতে পারবেন জেমিনাইয়ের ওয়েব অ্যাপ ব্যবহার করে।

ফিচারটি এখনও অসম্পূর্ণ হওয়ায় এটি কীভাবে কাজ করবে তা পরিষ্কার নয়। তবে কিছুটা ধারণা মেলে চ্যাটজিপিটির প্রজেক্টস ফিচার থেকে। 

চ্যাটজিপিটিতে প্রজেক্টস একধরনের স্মার্ট ফোল্ডার যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড ও গুছিয়ে রাখতে পারেন। প্রতিটি প্রজেক্টে নির্দিষ্ট কাজের জন্য আলাদা নির্দেশনা দেওয়া যায় আর প্রতিটি প্রজেক্টের আলাদা কনটেক্সট ব্যবহারকারীদের কাজ ও আইডিয়াগুলো সংগঠিত রাখতে সাহায্য করে। 

চ্যাটজিপিটির প্রজেক্টস ফিচার অনেকটা গুগলের ‘নোটবুকএলএম’-এর মত। এই ফিচার ব্যবহারকারীদের নিজের পছন্দমতো সোর্স আপলোড ও লিংক করে আলাদা ‘নোটবুক’ তৈরির সুযোগ দেয়।  

যদিও জেমিনাইয়ের প্রজেক্টস ফিচার কীভাবে কাজ করবে তা এখনো নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে এটি ‘নোটবুকএলএম’-এর মতোই হবে। পার্থক্য শুধু একটাই, ফিচারটি সরাসরি জেমিনাইয়ের ভেতরেই ব্যবহার করা যাবে, আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না।

ফিচারটি এক মাসেরও বেশি সময় আগে ‘ডেভেলপমেন্ট’ পর্যায়ে দেখা গিয়েছে। তাই ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই গুগল জেমিনাইয়ের প্রজেক্টস ফিচার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।