১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিস্ফোরণে আগুনের বিশাল গোলা হল মাস্কের স্টারশিপ

এখনও পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট হচ্ছে স্টারশিপ। স্পেসএক্স আশা করছে, একদিন মানুষকে চাঁদ ও মঙ্গলে নিয়ে যাবে স্টারশিপ রকেট।

বিস্ফোরণে আগুনের বিশাল গোলা হল মাস্কের স্টারশিপ
এ ঘটনার সময় রকেটটি টেস্ট স্ট্যান্ডেই ছিল, অর্থাৎ এটি উৎক্ষেপিত হয়নি। ছবি: নাসা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 04:59 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

বড় ধরনের ত্রুটির পর বিস্ফোরিত হয়ে বিশাল আগুনের গোলায় পরিণত হয়েছে ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স-এর স্টারশিপ রকেট।

বুধবার রাতে টেক্সাসে পরীক্ষামূলক এক উৎক্ষেপণের সময় “গুরুতর ত্রুটি” দেখা দেওয়ায় বিস্ফোরিত হয় রকেটটি। ফলে আকাশে বিশাল এক আগুনের গোলার দেখা মেলে, যা এক নাটকীয় দৃশ্য তৈরি করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

স্পেসএক্স বলেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্র ‘স্টারবেইস’-এ দশম পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার সময় “বড় ধরনের এক ত্রুটির মুখে পড়ে” স্টারশিপ রকেটটি। এ ঘটনার সময় রকেটটি টেস্ট স্ট্যান্ডেই ছিল, অর্থাৎ তখনও এর উৎক্ষেপণ হয়নি।

এখন পর্যন্ত কোম্পানিটির তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট হচ্ছে স্টারশিপ। স্পেসএক্স আশা করছে, একদিন মানুষকে চাঁদ ও মঙ্গলে নিয়ে যাবে স্টারশিপ রকেট। তবে, এর আগে রকেটটিকে মানুষ ছাড়া একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। স্টারশিপের সর্বশেষ পরীক্ষাটি হওয়ার কথা ছিল এ মাসেই।

সেই পরীক্ষার আগে স্টারশিপ মহাকাশযানটির বুস্টার ইঞ্জিনের একাধিক পরীক্ষা চালিয়েছে স্পেসএক্স, যেগুলোর লক্ষ্য হচ্ছে মহাকাশে সফলভাবে রকেটটি পাঠানোর প্রস্তুতি নিশ্চিত করা বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট। 

কোম্পানিটির সর্বশেষ এই পরীক্ষা ছিল একটি স্ট্যাটিক ফায়ার টেস্ট, যেখানে ইঞ্জিন চালু করা হলেও মহাকাশযানটি মাটির সঙ্গে সংযোগ অবস্থায় থাকবে, অর্থাৎ এটি উঠবে না। আর এ পরীক্ষার প্রস্তুতির সময়েই বিস্ফোরণটি ঘটে।

টেক্সাসের স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ঘটা এ বিস্ফোরণ ধারণ করেছে পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতির সময় রকেটের ওপর নজর রাখা ক্যামেরা।

ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ স্পেসএক্স লিখেছে, “পরীক্ষার পুরো সময় জুড়ে সাইটের আশপাশে নিরাপদ এলাকা বজায় ছিল এবং আমাদের সব কর্মী নিরাপদে আছেন।”

স্পেসএক্স আরও লিখেছে, “আমাদের স্টারবেইস টিম স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার স্থান ও আশপাশের এলাকা নিরাপদ করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য কোনও ধরনের ঝুঁকি নেই। তবে আমরা অনুরোধ করছি, নিরাপত্তা কার্যক্রম চলাকালীন কেউ যেন ওই এলাকায় যাওয়ার চেষ্টা না করেন।”

এ বিস্ফোরণে স্টারবেইস এলাকায় স্পেসএক্সের পরীক্ষার স্থান ও আশপাশের বিভিন্ন স্থাপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। এখনও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি স্পেসএক্স।