Published : 28 Jul 2026, 01:36 PM
ভিডিও নির্মাতাদের কাজ সহজ করতে বেশ কিছু নতুন টুল চালু করেছে ইউটিউব, যার মাধ্যমে এখন থেকে ইউটিউব শর্টসে সহজে থাম্বনেইল যোগ করার সুবিধাটি রয়েছে।
যারা এরইমধ্যে কনটেন্ট থেকে আয় করছেন তারা এখন থেকে ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’-এর আওতায় নিজেদের শর্টস ভিডিওতে যোগ করতে পারবেন কাস্টমাইজড থাম্বনেইল।
ব্যবহারকারীরা ইউটিউবের নিজস্ব এআই টুল ‘আস্ক স্টুডিও’ ব্যবহার করে ভিডিওর ধরন অনুসারে সরাসরি থাম্বনেইল জেনারেট করার সুযোগও পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
নতুন সুবিধার মাধ্যমে সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ভিডিওর বিষয়টি সঠিকভাবে ফুটিয়ে তুলতে ও দর্শককে আকৃষ্ট করতে আকর্ষণীয় থাম্বনেইল বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন নির্মাতারা।
আগের তৈরি করা শর্টস ভিডিওগুলোতেও তারা নতুন থাম্বনেইল যোগ করতে পারবেন। এজন্য ডেস্কটপ থেকে ‘ইউটিউব স্টুডিও’র ‘কনটেন্ট’ ট্যাবে গিয়ে নির্দিষ্ট ভিডিওতে নতুন ছবি আপলোড করলেই হবে।
ভবিষ্যতে সব ব্যবহারকারীর জন্যই ফিচারটি উন্মুক্ত করার কথা বলেছে ইউটিউব।
ডেস্কটপ সংস্করণে এখন থেকে ভিডিওর ভেতর থেকে স্বয়ংক্রিয়ভাবে তিনটি ফ্রেম থাম্বনেইল হিসেবে ব্যবহারের জন্য সাজেস্ট করবে ইউটিউব। দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিওতে এ সুবিধা আগে থেকে থাকলেও শর্টসের জন্য এটা নতুন।
এদিকে, মোবাইল অ্যাপে আগের মতোই ভিডিওর যে কোনো পছন্দসই ফ্রেম থাম্বনেইল হিসেবে বেছে নেওয়ার সুযোগ বহাল থাকছে।
ইউটিউবের সবশেষ এ আপডেটটি এমন অনেক দর্শকের পছন্দ না-ও হতে পারে, যারা সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি থাম্বনেইলের আধিক্য দেখে অসন্তোষ প্রকাশ করে আসছেন।
ইউটিউবের ‘কনটেন্ট ম্যানেজমেন্ট’ প্ল্যাটফর্মে সরাসরি যুক্ত নিজস্ব এআই টুল ‘আস্ক স্টুডিও’তে এখন থাম্বনেইল তৈরির নতুন সক্ষমতা যোগ হয়েছে।
এর মাধ্যমে নির্মাতারা টুলটিকে তাদের নতুন ভিডিওর জন্য থাম্বনেইল জেনারেট করার নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি টেক্সট প্রম্পট লিখে তৈরি হওয়া ছবির লেআউট, রং ও অন্যান্য উপাদানেও মনমতো পরিবর্তন আনা যাবে।
ইউটিউব বলেছে, “এই উপায়ে তৈরি হওয়া বিভিন্ন থাম্বনেইল আপনার ভিডিওর মূল ও কনটেন্ট আপনার নিজস্ব ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হবে।”