Published : 31 Dec 2025, 11:51 AM
চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ ‘ম্যানাস’কে অধিগ্রহণ করছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
নিজেদের বিভিন্ন প্ল্যাটফর্মে উন্নত এআই প্রযুক্তি যোগের প্রচেষ্টাকে আরও গতিশীল করতেই সোমবার টেক জায়ান্টটি এই পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
‘ম্যানাস’-এর সঙ্গে লেনদেনের আর্থিক শর্তাবলি প্রকাশ করেনি মেটা। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, সিঙ্গাপুরভিত্তিক এ কোম্পানিটির বাজারমূল্য ২০০ কোটি থেকে ৩০০ কোটি ডলারের মধ্যে ধরা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ব্যাপক সাড়া ফেলেছিল একসময় চীনের ‘পরবর্তী ডিপসিক’ হিসেবে পরিচিতি পাওয়া ‘ম্যানাস’।
ওই সময় কোম্পানিটি দাবি করেছিল, বিশ্বের প্রথম ‘জেনারেল এআই এজেন্ট’ তৈরি করেছে তারা, যা সাধারণ এআই চ্যাটবটের তুলনায় অনেক কম নির্দেশেই নিজে থেকে সিদ্ধান্ত নিতে ও কাজ করতে পারে।
এরইমধ্যে ‘ম্যানাস’-এর প্রতি সমর্থন দেখিয়েছে চীন সরকার। ‘ম্যানাস’-এর দাবি, তাদের এআই এজেন্টের কার্যসক্ষমতা চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের ‘ডিপরিসার্চ’কেও ছাড়িয়ে গেছে।
এ ছাড়া, এআই মডেল নিয়ে কাজের জন্য চীনা ই কমার্স জায়ান্ট আলিবাবার সঙ্গেও কোম্পানিটির কৌশলগত পার্টনারশিপ রয়েছে।
মেটা বলেছে, ‘ম্যানাস’-এর বিভিন্ন পরিষেবা পরিচালনা ও বিক্রি করবে তারা। পাশাপাশি নিজেদের বিভিন্ন গ্রাহকসেবা ও ব্যবসায়িক বিভিন্ন পণ্যেও ম্যানাসের এআই যোগ হবে, যার মধ্যে রয়েছে ‘মেটা এআই’ও।
প্রযুক্তি শিল্পের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে কৌশলগত অধিগ্রহণ ও দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে এআই খাতে বিনিয়োগ বহুগুণ বাড়িয়েছে মেটার মতো বিভিন্ন টেক জায়ান্ট।
এ বছরের শুরুতে ‘স্কেল এআই’ নামের এআই স্টার্টআপে বিনিয়োগ করে ফেইসবুকের মূল কোম্পানি মেটা, যার বাজারমূল্য ধরা হয়েছিল ২৯০০ কোটি ডলার। এ চুক্তির মাধ্যমে কোম্পানিটির ২৮ বছর বয়সী সিইও আলেকজান্ডার ওয়াং-কেও নিয়োগ দিয়েছে কোম্পানিটি।
ম্যানাস-এর মূল কোম্পানি হিসেবে রয়েছে বেইজিংভিত্তিক কোম্পানি ‘বাটারফ্লাই ইফেক্ট টেকনোলজি’। এ বছর প্রায় ৫০ কোটি ডলার বাজারমূল্যের কোম্পানিটি ৭ কোটি ৫০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। এই অর্থায়ন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘বেঞ্চমার্ক’।
পিচবুক-এর তথ্য অনুসারে, ম্যানাসে বিনিয়োগকারীদের তালিকায় আরও রয়েছে আগে ‘সিকোয়া ক্যাপিটাল চায়না’ নামে পরিচিত ‘এইচএসজি’, ‘জেনফান্ড’ ও ইন্টারনেট দুনিয়ার বড় কোম্পানি ‘টেনসেন্ট হোল্ডিংস’।
সাম্প্রতিক বছরগুলোতে সিঙ্গাপুরে নিজেদের প্রধান কার্যালয় বা ঠিকানা স্থানান্তর করেছে এমন সব চীনা কোম্পানির মধ্যে ম্যানাস একটি। কোম্পানিগুলোর ধারণা, ব্যবসাবান্ধব এই নগর-রাষ্ট্রে চলে গেলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিজেদের ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটার ঝুঁকি কমে আসবে।