কারণ দর্শানো ছাড়াই ইনস্টাগ্রাম বন্ধ তুরস্কে
হামাসের প্রধান কর্মকর্তা ইসমাইন হানিয়াহ’র হত্যা নিয়ে শোকের পোস্ট ব্লক করার জন্য প্ল্যাটফর্মটির সমালোচনা করেছিলেন তুরস্ক সরকারের জনসংযোগ কর্মকর্তা।
কোনো কারণ বা সময়কাল না জানিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে তুরস্ক।
গেল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির তথ্য-প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে দেশটিতে মোবাইল অ্যাপের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে না বলে প্রতিবেদনে লিখেছে বার্তাসংস্থা রয়টার্স।
সিদ্ধান্তটি তুরস্কের যোগাযোগ কর্মকর্তা ফাহরেতিন আলতুনের বুধবারের মন্তব্যকেই অনুসরণ করে। হামাস নেতা ইসমাইন হানিয়াহ’র হত্যা সংশ্লিষ্ট পোস্ট ব্লক করার জন্য প্ল্যাটফর্মটির সমালোচনা করেছিলেন তিনি।
“সহজভাবে বললে, এটিই সেন্সরশিপ।” – সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন তুরষ্ক প্রেসিডেন্সি’র কমিউনিকেশন ডিরেক্টর আলতুন।
ইনস্টাগ্রাম নিজেদের পদক্ষেপ নিয়ে কোনো নীতি লঙ্ঘনের কথা উল্লেখ করেনি বলেও যোগ করেন তিনি।
নিষেধাজ্ঞা বা আলতুনের বক্তব্য নিয়ে ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মস তৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
তুরষ্কের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ কর্তৃপক্ষ (বিটিকে) ২ অগাস্টের সিদ্ধান্ত নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
