২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দাম বাড়িয়ে নতুন ‘সারফেস প্রো ১২’ ও ‘সারফেস ল্যাপটপ ১৩’

স্ন্যাপড্রাগন এক্স২ প্লাস চিপটি গত প্রজন্মের তুলনায় ৬০ শতাংশ ভালো গ্রাফিক্স, ৯৫ শতাংশ দ্রুত অন-ডিভাইস এআই ও ১৮ শতাংশ বেশি ব্যাটারি সক্ষমতা দেবে।

দাম বাড়িয়ে নতুন ‘সারফেস প্রো ১২’ ও ‘সারফেস ল্যাপটপ ১৩’

এসব ডিভাইসের মূল পরিবর্তন হচ্ছে, নতুন ‘স্ন্যাপড্রাগন এক্স২ প্লাস’ চিপের ব্যবহার। ছবি: মাইক্রোসফট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 05:14 PM

Updated : 25 Sep 2026, 05:14 PM

এক্সবক্স’সহ বিভিন্ন ক্ষেত্রে মাইক্রোসফটের হার্ডওয়্যার ব্যবসা কিছুটা বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে গেলেও দাম সামান্য বাড়িয়ে ছোট আকারের দুই জনপ্রিয় ডিভাইসের নতুন সংস্করণ বাজারে এনেছে মাইক্রোসফট।

কোম্পানিটি তাদের ছোট আকারের ‘সারফেস প্রো ১২’ ও ‘সারফেস ল্যাপটপ ১৩’-এর নতুন সংস্করণ বাজারে এনেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এসব ডিভাইসের মূল পরিবর্তন হচ্ছে, নতুন ‘স্ন্যাপড্রাগন এক্স২ প্লাস’ চিপের ব্যবহার, যা গেল বছর এসব ডিভাইসে ব্যবহৃত ধীরগতির কোয়ালকম চিপগুলোর তুলনায় বড় আপডেট হিসেবে কাজ করবে।

মাইক্রোসফটের সবচেয়ে ছোট পিসি হওয়ায় ‘সারফেস প্রো ১২’ ও ‘ল্যাপটপ ১৩’ সহজে বহন করা যাবে। গেল বছর এসব ডিভাইস ১ হাজার ডলারের কমে বাজারে এনেছিল কোম্পানিটি।

তবে বর্তমান র‍্যামের বাজার পরিস্থিতির কারণে ‘সারফেস প্রো ১২’-এর দাম বাড়িয়ে ১ হাজার ১৫০ ডলার ও ‘সারফেস ল্যাপটপ ১৩’-এর দাম ১ হাজার ১৯৯ ডলার করেছে মাইক্রোসফট।

ডিজাইনের দিক থেকে ডিভাইস দুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

১২ ইঞ্চির ‘সারফেস প্রো’ আগের মতোই কিকস্ট্যান্ডসহ ছোট ট্যাবলেট ও সবসময় আলাদাভাবে বিক্রি হওয়া ১৫০ ডলারের সারফেস প্রো কিবোর্ড যোগ করে এটাকে একটি ‘ছদ্ম-ল্যাপটপে’ রূপান্তর করা যায় (যেমনটা মাইক্রোসফট বরাবরই করে থাকে)।

অন্যদিকে, ‘সারফেস ল্যাপটপ ১৩’ হচ্ছে কোম্পানিটির মৌলিক নোটবুক ডিজাইন, যা ছোট করে ১৩ ইঞ্চি স্ক্রিন ও ১ দশমিক ২২ কেজি ওজনের ফ্রেমে নিয়ে আসা হয়েছে। সিস্টেম দুটিতে নতুন ৫০০-নিট ডিসপ্লে ব্যবহৃত হয়েছে, যা আগের তুলনায় ২৫ শতাংশ বেশি উজ্জ্বল।

গেল বছর ১২ ইঞ্চি ট্যাবলেটটি পর্যালোচনার সময় ভালো মনে হলেও নতুন ডিভাইসের অভ্যন্তরীণ যন্ত্রাংশগুলোর পারফরম্যান্স নিয়ে থাকা উদ্বেগ দূর করবে বলে ধারণা করা হচ্ছে।

মাইক্রোসফটের দাবি, স্ন্যাপড্রাগন এক্স২ প্লাস চিপটি গত প্রজন্মের তুলনায় ৬০ শতাংশ ভালো গ্রাফিক্স, ৯৫ শতাংশ দ্রুত অন-ডিভাইস এআই ও ১৮ শতাংশ বেশি ব্যাটারি সক্ষমতা দেবে।

অফিস কাজের ক্ষেত্রে নতুন চিপটি ১৮ শতাংশ দ্রুত কাজ করবে বলে জানিয়েছে কোম্পানিটি। ছোট এসব সারফেস ডিভাইস যারা পছন্দ করতেন কিন্তু আগের স্ন্যাপড্রাগন এক্স চিপগুলোর ধীরগতির কারণে কিনতে পারেননি তাদের জন্য এসব আপডেট বেশ আকর্ষণীয় মনে হতে পারে।

তবে গত বছর এসব সিস্টেমের মধ্যে কোনো একটি কিনে থাকলে আপগ্রেড করার আগে আরও কিছুদিন অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে।

ব্যবহারকারীর যদি আরও বেশি কাজের প্রয়োজন হয় তবে বড় আকারের ১৩ ইঞ্চির ‘সারফেস প্রো’ ও ১৩ দশমিক ৮ ইঞ্চির সারফেস ল্যাপটপও নতুন স্ন্যাপড্রাগন এক্স২ চিপসহ পাওয়া যাচ্ছে, যার দাম অবশ্য আরও বেশি।

নতুন ‘সারফেস প্রো ১২’-এর সঙ্গে মাইক্রোসফট নিয়ে আসছে ‘মাইক্রোসফট ইঙ্ক ক্যানভাস’।

কোম্পানি বলেছে, এটা ‘এআইচালিত ও পেনকেন্দ্রিক অভিজ্ঞতা দেবে, যার মাধ্যমে ক্যানভাসে সরাসরি স্কেচ করা, নোট লেখা, ছবি তৈরি ও টেক্সট সারসংক্ষেপ করা সম্ভব’।

বিষয়টি খুব রোমাঞ্চকর না শোনালেও অন্তত সারফেস স্লিম পেনের ব্যবহারের জন্য এটা চমৎকার সংযোজন। অন্যান্য সারফেস ডিভাইসের জন্যও আগামী ১৩ অক্টোবর মাইক্রোসফট স্টোরে অ্যাপটি পাওয়া যাবে।

পিসি হার্ডওয়্যারের পাশাপাশি মাইক্রোসফট নতুন একটি সারফেস মাউস আনছে, যার দাম ৮০ ডলার। উভয় হাত দিয়েই ব্যবহার উপযোগী মাউসে হ্যাপটিক বা স্পর্শ অনুভূতির ফিচার রয়েছে।

কোম্পানিটি বলেছে, উইন্ডোজ ১১-এর বিভিন্ন ইন্টারঅ্যাকশন যেমন উইন্ডোজ স্ন্যাপ করা বা অবজেক্ট অ্যালাইন করার সময় ব্যবহারকারী নির্দিষ্ট কম্পন বা অনুভূতি টের পাবেন।

এটা ‘লজিটেক এমএক্স মাস্টার ৪’-এর মতো ফিচারের কথাই মনে করিয়ে দেবে, যা আগের সারফেস মাউসেরই বিবর্তিত রূপ। ওই মাউসটি মাইক্রোসফটের ক্লাসিক ইন্টেলিমাউস ডিজাইনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য বেশ পরিচিত ছিল।

মাইক্রোসফটের নতুন এসব সারফেস হার্ডওয়্যার আগামী ১৩ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে।