সাইবার হামলার জন্য ‘নকল পোর্টাল বানিয়েছে’ উ. কোরিয়া
এর আগেও সাইবার হামলা চালিয়ে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। তবে, এতে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে আসছে পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের শিকার বানানোর লক্ষ্যে উত্তর কোরিয়ার হ্যাকাররা এমন এক নকল ওয়েবসাইট বানিয়েছে, যা দেখতে হুবহু দেশটির জনপ্রিয় ওয়েব পোর্টাল ‘নাভের’-এর মতো। এমনই দাবি দেশটির গোয়েন্দা সংস্থার।
এই সপ্তাহে সতর্কবার্তা জারি করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস), যেখানে ‘নাভের পোর্টাল’ নামে পরিচিত ওয়েবসাইটে প্রবেশ না করার অনুরোধ জানানো হয় ব্যবহারকারীদের।
সংস্থাটি আরও যোগ করে, ভুয়া পোর্টাল বানানোর পেছনে থাকা এই হ্যাকার দলের কার্যক্রম শনাক্তে তারা বিভিন্ন বিদেশী সংস্থার সঙ্গে কাজ করছে।
“দক্ষিণ কোরীয়দের লক্ষ্য করে উত্তর কোরিয়ার সাইবার আক্রমণের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।” --বুধবার দেওয়া এক বিবৃতিতে বলেছে সংস্থাটি।
প্রযুক্তি জায়ান্ট ‘নাভের’ পরিচালিত এই পোর্টাল দক্ষিণ কোরিয়ার সর্বাধিক ব্যবহৃত ওয়েব পোর্টাল ও সার্চ ইঞ্জিন। আর এতে ইমেইল থেকে শুরু করে সংবাদ অ্যাগ্রিগেশন ও অনলাইন শপিংয়ের মতো বেশ কিছু সুবিধা রয়েছে।
তবে, ভুয়া পোর্টালটির শিকার ব্যক্তির সংখ্যা বা তাদের পরিচয় প্রকাশ করেনি এনআইএস।
“নাভের-এ প্রবেশের সময় ব্যবহারকারীকে ডোমেইন ঠিকানা সঠিকভাবে যাচাইয়ের অনুরোধ করছি আমরা।” --বৃহস্পতিবার বলেন কোম্পানির এক মুখপাত্র।
এর আগেও সাইবার হামলা চালিয়ে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। তবে, এতে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে আসছে পিয়ংইয়ং।
বছরের শুরুতে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে, ২০২২ সালে অন্যান্য বছরের চেয়ে বেশি ক্রিপ্টো সম্পদ চুরি করেছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক নিয়ন্ত্রকরা বলছে, উত্তর কোরিয়া এই চুরি করা অর্থ ব্যবহার করছে নিষিদ্ধ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্পগুলোয়।
রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার সাইবার আক্রমণের ৭০ শতাংশই পরিচালিত হয় ইমেইলের মাধ্যমে। গত মাসে এনআইএস বলেছে, এর বেশিরভাগই ঘটে ‘নাভের’ বা ‘ডাউম’-এর মতো দক্ষিণ কোরীয় ওয়েব পোর্টালের ছদ্মবেশে। পাশাপাশি, এগুলোকে ‘সামাজিকভাবে পরিচালিত’ আক্রমণ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।
