Published : 04 Feb 2023, 04:55 PM
ফরাসী ব্যাঙ্গ প্রকাশনা ‘শার্লি এবদু’র গ্রাহক ডেটা চুরি ও ফাঁস করেছে ইরানের সরকার সমর্থিত এক হ্যাকার দল। এমনই দাবি করেছেন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের নিরাপত্তা গবেষকরা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতিবাচক চিত্রায়নে কার্টুন সিরিজ প্রকাশের পর জানুয়ারির শুরুতে এই ম্যাগাজিন হ্যাকারদের কবলে পড়ে।
শার্লি এবদু বলছে, এই ইসলামিক রাষ্ট্রে সরকার বিরোধী বিক্ষোভ সমর্থনে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে তারা এইসব ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।
এই প্রসঙ্গে রয়টার্স ইরান ও ফরাসী সরকারের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি। শার্লি এবদু’র এক সংবাদকর্মী বলেন, ‘এই মুহুর্তে’ বিষয়টি নিয়ে ম্যাগাজিনের কোনো মন্তব্য নেই।
এই ধরনের ‘অমর্যাদাকর’ কার্টুনের বিপরীতে জনসম্মুখে ‘কার্যকর প্রতিক্রিয়া’ জানানোর পাশাপাশি তেহরানের ফরাসী রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এর পাশাপাশি, দেশটিতে ‘ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ রিসার্চের’ কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। এর কারণ হিসেবে ইরানের কর্তৃপক্ষ বলছে দেশটিতে ফ্রান্সের সাংস্কৃতিক কার্যক্রম পুনর্মূল্যায়নের কথা।
শার্লি এবদুকে লক্ষ্যবস্তু বানিয়ে হ্যাকিং কার্যক্রম চালানোর এই পদ্ধতি মিলে যায় ইরানের রাষ্ট্র-সমর্থিত হ্যাকিং দলের সঙ্গে কৌশলের সঙ্গে, যা বিস্তৃত এক ‘ডিজিটাল প্রভাব কার্যক্রমে’র অংশ বলে উঠে এসেছে মাইক্রোসফট গবেষকদের প্রতিবেদনে।
মাইক্রোসফট বলেছে, এর আগে দলটির বিরুদ্ধে ২০২০ সালের মার্কিন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ‘বহুমুখী প্রচারণা’ চালানোর অভিযোগ তোলেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা। সে সময়, ওই অভিযোগ অস্বীকার করেছিল ইরান।
খামেনির বিভিন্ন কার্টুন নিয়ে ইরানের সমালোচনার মধ্যেই ‘হোলি সোলস’ নামে পরিচয় দেওয়া একদল হ্যাকার এক অনলাইন ফোরামে পোস্ট করে জানায়, তাদের কাছে শার্লি এবদু’র দুই লাখ গ্রাহকের নাম ও যোগাযোগের তথ্য আছে। পাশাপাশি, পোস্টে ২০ বিটকয়েন (চার লাখ ৭০ হাজার ডলারে) সেগুলো বিক্রির প্রস্তাবও দেয় তারা।
পরবর্তীতে, ওইসব ফাঁস করা ডেটার একটি নমুনা প্রকাশিত হয়, যা যাচাই করে দেখেছে ফরাসী সংবাদপত্র ‘ল্যা মঁদ’।
“ইরানি হ্যাকারদের হাতিয়ে নেয়া তথ্যগুলো ম্যাগাজিনের অনলাইন গ্রাহকদের চরমপন্থী সংগঠনগুলোর শারীরিক লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে ফেলতে পারে।” --বলেন মাইক্রোসফটের গবেষকরা।
নিজস্ব কার্যক্রমের প্রসার ঘটাতে, খামেনির কার্টুনের সমালোচনার উদ্দেশ্যে হ্যাকাররা বিভিন্ন ছদ্মবেশী বা নকল টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেছে।
মাইক্রোসফট বলেছে, শার্লি এবদু’র সম্পাদক ও প্রযুক্তি নির্বাহীর ছদ্মবেশ ধারণ করা দুটি অ্যাকাউন্ট থেকেও ফাঁস করা তথ্য পোস্ট হয়েছে। পরবর্তীতে, এগুলো মুছে দিয়েছে টুইটার।
এই প্রসঙ্গে রয়টার্স টুইটারের যোগাযোগ দলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো জবাব মেলেনি।