১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনার ভয়ে ফেরত যাচ্ছে ৪৮ লাখ ব্লেন্ডার

ভয় জাগানো এ ব্লেন্ডার মডেলটি ‘ব্লেন্ডজেট’ সিরিজের দ্বিতীয় সংস্করণ। এ ছাড়া, গ্রাহকদের তাৎক্ষণিকভাবে ব্লেন্ডার ব্যবহার বন্ধ করার নির্দেশনা দিয়েছে কোম্পানিটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2023, 10:04 PM

Updated : 01 Jan 2024, 12:14 AM

ব্যবহারকারীদেরকে মৃত্যুর মতো দুর্ঘটনার মুখে ফেলতে পারে, এমন শঙ্কাকে কারণ দেখিয়ে গ্রাহকদের ৪৮ লাখ ব্লেন্ডার ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছে জনপ্রিয় মার্কিন ব্লেন্ডার নির্মাতা কোম্পানি ব্লেন্ডজেট।

ভয় জাগানো এ ব্লেন্ডার মডেলটি ‘ব্লেন্ডজেট’ সিরিজের দ্বিতীয় সংস্করণ। গ্রাহকদের তাৎক্ষণিকভাবে ব্লেন্ডার ব্যবহার বন্ধ করার নির্দেশনা দিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি স্বেচ্ছায় ব্লেন্ডজেট২’র ৪৮ লাখ ব্লেন্ডার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে। —বিবৃতিতে বলেছে ব্লেন্ডজেট ও মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘কনজিউমার প্রোডাক্ট সেইফটি কমিশন (সিপিএসসি)’।

এর আগে অ্যামাজন, টার্গেট, কস্টকো ও ওয়ালমার্টের মতো ই-কমার্স সাইটে ব্লেন্ডারগুলো বিক্রি করতে দেখা গেছে।

কোম্পানির তথ্য অনুসারে, “এ মূহুর্তে বাজারে যেসব ব্লেন্ডজেট ২ বিক্রি হচ্ছে, সেগুলো এ ঘোষণার আওতাধীন নয়।”

“ব্লেন্ডজেট২-এর আগের সংস্করণগুলোয় ডিভাইস বেশি গরম হয়ে যাওয়ার বা এর ব্লেড ভেঙে যাওয়ার মতো ঝুঁকি আছে। তাই সেগুলোর ব্যবহার যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিৎ।” —বিবৃতিতে বলেছে কোম্পানিটি।

কোম্পানির এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে সিপিএসসি।

“ফেরানোর আহ্বান জানানো ব্লেন্ডার অতিরিক্ত গরম হতে পারে বা সেগুলোতে আগুনও ধরতে পারে। পাশাপাশি এর ব্লেড ভেঙে যেতে পারে, যা ঝুঁকিতে ফেলবে গ্রাহকদের।” — বলেছে কমিশন৷

তবে, বিভিন্ন ই-কমার্স সাইট থেকে ব্লেন্ডার কেনা গ্রাহকদের হতাশ হতে হবে না। ব্লেন্ডজেট বলেছে, ‘প্রয়োজনীয় প্রমাণাদি দিলে তারা গ্রাহকদেরকে বিনামূল্যেই ব্লেন্ডারটি ‘রিপ্লেস করে দেবে’।

এদিকে, ই-কমার্স সাইট কস্টকো বলেছে, বিকল্প ব্লেন্ডার নিতে না চাইলে তারা গ্রাহকদের পুরো অর্থই ফেরত দেবে।