২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনটেন্ট মডারেশন নিয়ে এক্স-এর মামলা খারিজ

বিচারক উইলিয়াম শাব বৃহস্পতিবার রায়ে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রথম সংশোধনীর সঙ্গে স্বচ্ছতার দাবিকে অন্যায় বা অযথা দায় চাপিয়ে দেওয়ার মতো বিষয় বলা যায় না।”

কনটেন্ট মডারেশন নিয়ে এক্স-এর 
মামলা খারিজ

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 07:03 PM

Updated : 31 Dec 2023, 04:02 PM

যুক্তরাষ্ট্রের কনটেন্ট মডারেশন আইন বাতিলের জন্য সামাজিক মাধ্যম এক্স’এর করা মামলাটি ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল আদালত খারিজ করে দিয়েছে।

আদালতে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘এক্স’-এর দাবি ছিল, সামাজিক মাধ্যমে কনটেন্ট মডারেশনে ক্যালিফোর্নিয়ার আইনে ‘এবি ৫৮৭’ ধারাটি যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। আইনটি মানুষের অধিকার লঙ্ঘন করেছে এবং এক্স’এর কর্মকাণ্ডের উপর অযাচিত দায় চাপিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনী ব্যক্তির মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা দেয়।  

এক্সের এই যুক্তির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক উইলিয়াম শাব বৃহস্পতিবার রায়ে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রথম সংশোধনীর সঙ্গে স্বচ্ছতার দাবিকে অন্যায় বা অযথা দায় চাপিয়ে দেওয়ার মতো বিষয় বলা যায় না।”

“এ আইনটি অসাংবিধানিক এবং এটা ভবিষ্যতে যেকোনো কনটেন্টকে সেন্সরশিপের দিকে নিয়ে যাবে।” — যুক্তিতে বলেন এক্স-এর আইনজীবীরা।

নাগরিকদের মতপ্রকাশের অধিকার সংবিধানসম্মত এবং এ আইন ওইসব বক্তব্য মুছে ফেলা, আর্থিক আয় রোধ করা বা গুরুত্ব কমিয়ে দেওয়ার লক্ষ্যে এক্স-এর মতো কোম্পানিগুলোকে চাপ দেওয়ার উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা রয়েছে বলে সেপ্টেম্বরে দায়ের করা মামলায় এ দাবি করেছে এক্স।

এক্স-এর ভাষায়, এ আইনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, সরকার সমস্যা মনে করলেই সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে কোনো কনটেন্ট ‘নির্মূল’ করার জন্য চাপ দিতে পারে।

তবে এ ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন বিচারক উইলিয়াম শাব। নীতিমালা সম্পর্কে তথ্যপ্রকাশ “সম্পূর্ণভাবে এবি ৫৮৭ ধারাসম্মত,” লিখেন তিনি। “প্রতিবেদন প্রদানের সঙ্গে কোম্পানিগুলোর বিদ্যমান কন্টেন্ট মডারেশন শনাক্তের সম্পর্ক নেই, থাকলেও তা কেবল বিশেষ শ্রেণির বেলাতেই প্রযোজ্য।” 

তিনি আরও লেখেন– “প্রয়োজনীয় প্রতিবেদন প্রকাশও বিতর্কের উর্ধ্বে।”

“সেইসঙ্গে এটাও সত্য যে, প্রতিবেদনগুলোয় কোন না কোনভাবে বিতর্কিত বিষয়ের উল্লেখ থাকলেই প্রতিবেদনগুলো মোটেও বিতর্কিত হয়ে যায় না।”

উপসংহারে শাব বলেন, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনটা যথেষ্ট কাঠখড় পুড়িয়ে প্রমাণ করেছেন যে, “সামাজিক যোগাযোগ কোম্পানিগুলোর কনটেন্ট মডারেশন নীতিমালা এবং এর প্রয়োগে স্বচ্ছতা দরকার এবং এর সঙ্গে মার্কিন সরকারের যুক্তিসংগত স্বার্থ জড়িত। এর মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে খবর ও তথ্য প্রাপ্তি কিংবা প্রচারের ব্যাপারে গ্রাহকরা জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন।”