২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

মাস্কের ‘বোরিং’ কোম্পানির শেয়ারে স্পেসএক্সের রেকর্ড মুনাফা

সংযুক্ত আরব আমিরাত ও মাস্কের একঝাঁক পুরনো সমর্থকের অর্থায়নে ২ হাজার ৩০ কোটি ডলার মূল্যায়নে বোরিং কোম্পানি ৩০০ কোটি ডলারের বিনিয়োগ সংগ্রহ করেছে।

মাস্কের ‘বোরিং’ কোম্পানির শেয়ারে স্পেসএক্সের রেকর্ড মুনাফা

মুনাফার পরিমাণ ওই সময়ে স্পেসএক্সের ‘অন্যান্য আয়ের’ অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে ছিল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 08:41 PM

Updated : 24 Oct 2026, 08:41 PM

এ বছরের তৃতীয় প্রান্তিকে ইলন মাস্কের সুরঙ্গ নির্মাণকারী কোম্পানি বোরিংয়ে নিজেদের শেয়ার থেকে ৫৬ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ মুনাফা পাওয়ার কথা জানিয়েছে স্পেসএক্স।

মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ বা এসইসি’তে জমা দেওয়া ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে স্পেসএক্স বলেছে, এ মুনাফা ওই সময়ে স্পেসএক্সের ‘অন্যান্য আয়ের’ অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে ছিল। এর মাধ্যমে কোম্পানিটির নিট আয় বেড়ে হয়েছে চার হাজার কোটি ডলারের কিছুটা বেশি।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, ২০১৭ সালে স্পেসএক্সের ভেতরে তৈরি হওয়া ও এর এক বছর পর স্বতন্ত্র কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করা বোরিং কোম্পানির প্রধান লক্ষ্য হচ্ছে, ভূগর্ভস্থ সুরঙ্গ ও স্টেশন তৈরির মাধ্যমে যাতায়াত ব্যবস্থায় ‘বিপ্লব ঘটানো’, যেন যাত্রীরা সহজে ওঠানামা করতে পারেন।

গেল মাসে সংযুক্ত আরব আমিরাত ও মাস্কের একঝাঁক পুরনো সমর্থকের অর্থায়নে ২ হাজার ৩০ কোটি ডলার মূল্যায়নে বোরিং কোম্পানি ৩০০ কোটি ডলারের বিনিয়োগ সংগ্রহ করেছে।

এরইমধ্যে বিশ্বের বিভিন্ন শহরে প্রায় ডজনখানেক প্রকল্পের ঘোষণা দিয়েছে বোরিং কোম্পানি। তবে বর্তমানে মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত তাদের একমাত্র সুরঙ্গটি রয়েছে লাস ভেগাসে।

‘লাস ভেগাস কনভেনশন সেন্টার লুপ’ ব্যবহার করে যাত্রীরা ক্যাসিনো রিসোর্ট ও শহরের কেন্দ্রে থাকা কনভেনশন সেন্টারের মধ্যে টেসলার গাড়িতে ভ্রমণ করতে পারেন।

গেল বছরের জুলাইয়ে টেনেসির ন্যাশভিলে প্রায় ২০ মাইল দীর্ঘ ভূগর্ভস্থ সুরঙ্গ তৈরির একটি চুক্তি করেছে বোরিং কোম্পানি।

‘মিউজিক সিটি লুপ’ নামে পরিচিত প্রকল্পটি ডাউনটাউন বা মূল শহরের কেন্দ্রস্থল থেকে বিমানবন্দরের মধ্যে টেসলা গাড়িতে করে যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হচ্ছে।

দ্রুতগতিতে এগিয়ে নেওয়া এ প্রকল্পটির অনুমোদন দেওয়া নিয়ে শুরুতেই রাজনৈতিক বিতর্ক ও দ্বিমত তৈরি হয়। আর এ সপ্তাহে সিংকহোল বা হঠাৎ মাটি ধসের ঝুঁকি ঘিরে দেখা দিয়েছে নতুন নিরাপত্তা উদ্বেগ।

সংযুক্ত আরব আমিরাতেও বোরিং কোম্পানির ১৫০ কিলোমিটারের বেশি দীর্ঘ সুরঙ্গ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে গেল বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত ‘দুবাই লুপ’ প্রকল্পটিও অন্তর্ভুক্ত।

বৃহস্পতিবারের প্রতিবেদনে স্পেসএক্স বলেছে, এ প্রান্তিকে টেসলার তৈরি ‘মেগাপ্যাক’ এনার্জি স্টোরেজ সিস্টেম কিনতে ১৫ কোটি ১০ লাখ ডলার ব্যয় করেছে।

মঙ্গলবারে অনুষ্ঠিত স্পেসএক্সের আর্নিংস কলে মাস্ক বলেছেন, টেসলা ও স্পেসএক্স একীভূত হওয়াটা ‘ভালো সিদ্ধান্ত’ হতে পারে।

তিনি বলেছেন, এই সম্ভাব্য একীভূতকরণের বিষয়টি আলোচনার জন্য দুই কোম্পানিই এরইমধ্যে বিশেষ কমিটি গঠন করেছে।