২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্স ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন গ্রক-২ চ্যাটবট

বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য গ্রক এআই চালুর মাধ্যমে এক্সএআই সম্ভবত নিজের মডেলের জন্য আরও বেশি ব্যবহারকারী টানতে চাইছে।

এক্স ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন গ্রক-২ চ্যাটবট
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 05:07 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এআই চ্যাটবট গ্রক-২ এতদিন তুলে রাখা ছিল কেবল প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য। এবার সব এক্স ব্যবহারকারীর জন্য বিনামূল্যে পাওয়া যাবে এটি।

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ‘এক্সএআই’ শনিবার বলেছে, তাদের গ্রক-২ এআই চ্যাটবটটির নতুন সংস্করণ বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর সব ব্যবহারকারী।

“বরাবরের মতো প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা এআই চ্যাটবটটি ব্যবহারের জন্য সীমা পাবেন। একইসঙ্গে ভবিষ্যতে চ্যাটবটটির কোনও নতুন টুল বা ফিচার ব্যবহারের সুযোগও আগে পাবেন তারা,” এক ব্লগ পোস্টে বলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপটি।

গত কয়েক সপ্তাহ ধরে এক্সএআই নিজেদের গ্রক-২ মডেলের নতুন সংস্করণ আনতে গোপনে পরীক্ষা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য গ্রক এআই চালুর মাধ্যমে এক্সএআই সম্ভবত নিজের মডেলের জন্য আরও বেশি ব্যবহারকারী টানতে চাইছে। 

এ ছাড়া, ব্যবহারকারীদের থেকে দ্রুত প্রতিক্রিয়াও পেতে চাইছে কোম্পানি, যাতে গ্রক বাজারের অন্যান্য এআই মডেল চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই-এর সঙ্গে আরও ভালভাবে পাল্লা দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।