Published : 20 Jun 2026, 01:06 PM
একটি পোস্টে অনেকগুলো ছবি কিন্তু ক্যাপশন একটিই– ইনস্টাগ্রামের এ চেনা নিয়ম এবার বদলে যাচ্ছে। ব্যবহারকারীদের মনের মতো কনটেন্ট তৈরির স্বাধীনতা দিতে প্রতিটি স্লাইডে আলাদা ক্যাপশন লেখার সুবিধা চালু করেছে প্লাটফর্মটি।
এখন থেকে ব্যবহারকারীরা একটি ক্যারোসেল পোস্টে বা একই পোস্টে একাধিক ছবি বা ভিডিওর ক্ষেত্রে প্রতিটি স্লাইডের জন্য আলাদা আলাদা ক্যাপশন লিখতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
আগে একটি ক্যারোসেলের সব ছবির জন্য কেবল একটাই মূল ক্যাপশন ব্যবহার করা যেত, যা একাধিক ছবির মাধ্যমে একটি ধারাবাহিক গল্প ফুটিয়ে তোলার ক্ষেত্রে বাধা তৈরি করত।
ফিচারটি ব্যবহারের জন্য ক্যাপশন লেখার জায়গায় একটি ‘টগল’ বা অন-অফ করার বোতাম থাকবে। ফলে বিষয়টি সম্পূর্ণ ব্যবহারকারীদের ইচ্ছার ওপর নির্ভর করবে যে তারা কি প্রতিটি ছবির জন্য আলাদা করে নতুন ক্যাপশন ভাবার বাড়তি পরিশ্রমটুকু করতে চাইছেন, না কি আগের মতোই রাখতে চান।
ফিচারটি বর্তমানে সবার জন্য উন্মুক্ত করা শুরু হয়েছে। তবে প্রত্যেক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছে পৌঁছাতে এক সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে।
এর আগে, দুবছর আগের এক আপডেটে প্ল্যাটফর্মটি তাদের ক্যারোসেল পোস্টে ছবির সংখ্যা ১০টি থেকে বাড়িয়ে ২০টি করার সুবিধা দিয়েছিল।
এবার ২০টি ছবির সঙ্গে ২০টি আলাদা ক্যাপশন মেলানোর এ নতুন সুযোগটি নিশ্চিতভাবেই কনটেন্ট তৈরিতে বেশ বৈচিত্র্য নিয়ে আসবে।
ছবিভিত্তিক এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি ইদানীং একের পর এক বেশ কিছু পরিবর্তন আনছে। এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাপের ভেতরের ক্যামেরাটি ‘আল্ট্রা এইচডিআর’ ও ‘নাইট সাইট’ মোড সাপোর্ট করছে।
পাশাপাশি, প্ল্যাটফর্মটি এখন ব্যবহারকারীদের নিজেদের পছন্দমতো অ্যালগরিদম কাস্টমাইজ বা পারসোনালাইজের এবং প্রোফাইল গ্রিডের বিভিন্ন পোস্টের ক্রম পরিবর্তনের সুবিধাও দিচ্ছে।