স্বাস্থ্যসেবায় ওপেনএআইয়ের নতুন ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’
এ বিশেষ ফিচারের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং এতে হওয়া আলাপ কোম্পানিটির মূল এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হবে না।
ব্যবহারকারীদের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে এবার এআই চ্যাটবটের জন্য নতুন এক ফিচার বা বিভাগ চালু করছে অ্যাপটির নির্মাতা ওপেনএআই।
‘চ্যাটজিপিটি হেলথ’ নামের নতুন এ ফিচারের মাধ্যমে নিজেদের মেডিকেল রেকর্ড এবং বিভিন্ন হেলথ অ্যাপ চ্যাটবটের সঙ্গে যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে নিজেদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্নের আরও সঠিক ও ব্যক্তিগত উত্তর মিলবে তাদের।
ওপেনএআই বলেছে, এ বিশেষ বিভাগের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং এখানে হওয়া কোনো কথোপকথন কোম্পানিটির ‘মূল এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হবে না’।
বর্তমানে ‘চ্যাটজিপিটি হেলথ’ ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কোন কোন হেলথ অ্যাপ এর সঙ্গে যোগ হবে তা নির্দিষ্ট অঞ্চলের ওপর ভিত্তি করে আলাদা হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
ওপেনএআই বলেছে, তাদের এ নতুন ফিচারটি ‘রোগ নির্ণয় বা চিকিৎসার উদ্দেশ্যে তৈরি হয়নি’।
ওপেনএআই আবারও মনে করিয়ে দিয়েছে যে, চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই চ্যাটবট থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নেওয়া নিরাপদ নয়।
এসব প্ল্যাটফর্ম যেমন বিপজ্জনকভাবে ভুল তথ্য দিতে পারে তেমনি চ্যাটবটের কাছে ব্যক্তিগত বা অতি গোপন তথ্য শেয়ার করাও সাধারণত বুদ্ধিমানের কাজ হবে না।
এনগ্যাজেট লিখেছে, ওপেনএআইয়ের মতো কোম্পানির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করাটা মোটেও নিরাপদ নয়। কারণ, যখন একজন টিনএজার এই চ্যাটবট ব্যবহার করে আত্মহত্যার পরিকল্পনা করেছিল, পণ্যের মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে তখনই তারা দায়সারা কথা বলেছে ।
