শেষ হচ্ছে পুরনো উইন্ডোজে গুগল ক্রোম আপডেট
বাজার বিশ্লেষকদের তথ্য-উপাত্ত বলছে, এখনও উল্লেখযোগ্য সংখ্যক কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে অপারেটিং সিস্টেমটি। অন্তত ১০ কোটি পিসিতে এখনও রয়েছে উইন্ডোজ ৭।
উইন্ডোজ ৭ এবং ৮.১-এর জন্য ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারির পর আর কোনো আপডেট পাবে না গুগলের ক্রোম ব্রাউজার।
গুগলের নিজস্ব সাপোর্ট পেইজের তথ্য বলছে, মাইক্রোসফটের পুরনো দুই অপারেটিং সিস্টেমের জন্য ক্রোম ব্রাউজারের সর্বশেষ আপডেট হবে ‘ক্রোম ১১০’।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, এ ঘটনা পুরনো অপারেটিং সিস্টেমের সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করে দেওয়ার মতো স্বাভাবিক ঘটনা মনে হলেও এর প্রভাব হবে সুদূরপ্রসারী।
মাইক্রোসফট উইন্ডোজ ৭ বাজারে ছেড়েছিল ২০০৯ সালে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটির জন্য সার্বিক সমর্থন বন্ধ করে দিয়েছে উইন্ডোজ নির্মাতা।
কিন্তু বাজার বিশ্লেষকদের তথ্য-উপাত্ত বলছে, এখনও উল্লেখযোগ্য সংখ্যক কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে অপারেটিং সিস্টেমটি। অন্তত ১০ কোটি পিসিতে এখনও উইন্ডোজ ৭ ব্যবহৃত হচ্ছে বলে ইঙ্গিত মিলছে তথ্য-উপাত্ত থেকে।
ভার্জ বলছে, গুগল ক্রোম ব্রাউজার আপডেট করা বন্ধ করে দিলে এর ফলে দুই দিক থেকে নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন বিপুল সংখ্যক ব্যবহারকারী; অপারেটিং সিস্টেম এবং ব্রাউজার দুটির কোনোটিতেই আর নিরাপত্তা সমর্থন পাবেন না উইন্ডোজ ৭ এবং ৮.১ অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা।
আপডেট না পাওয়ার মানে এই নয় যে, ‘ক্রোম ১১০’ আপডেট আসার পর রাতারাতি কাজ করা বন্ধ করে দেবে পুরনো উইন্ডোজে ব্যবহৃত ক্রোম ব্রাউজার। কিন্তু, এর পরে উইন্ডোজ ৭ এবং ৮.১ আর কোনো ফিচার আপডেট পাবে না বলে সাপোর্ট পেইজে উল্লেখ করেছে গুগল।
তবে, একই সঙ্গে ব্যবহারকারীদের তুলনামূলক নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার পরামর্শ দিয়েছে এই ওয়েব জায়ান্ট।
