অ্যাপল, ওপেনএআইয়ের বিরুদ্ধে এক্স, এক্সএআইয়ের মামলা ‘চলবে’
মামলা খারিজের জন্য আবেদন করলেও এ মামলার হাত থেকে এখনই রেহাই মিলছে না অ্যাপল ও ওপেনএআইয়ের।
অ্যাপল ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই মিলে স্মার্টফোন ও জেনারেটিভ এআইয়ের বাজার দখলের ষড়যন্ত্র করছে এমন অভিযোগে গত অগাস্টে কোম্পানি দুটির বিরুদ্ধে মামলা করেছিল ইলন মাস্কের দুটি স্টার্টআপ।
এ বৃহস্পতিবার মার্কিন ফেডারেল বিচারক সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, কোম্পানি দুটির বিরুদ্ধে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও এআই স্টার্টআপ এক্সএআইয়ের আনা মামলাটি আপাতত চলবে।
টেক্সাসের ফোর্ট ওয়ার্থে মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক মার্ক পিটম্যান তার আদেশে বলেছেন, অ্যাপল ও ওপেনএআইয়ের বিরদ্ধে আনা মামলাটি আপাতত এগিয়ে নিয়ে যেতে পারে মাস্কের দুই স্টার্টআপ, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বাজারে আধিপত্যের লড়াইয়ে মার্কিন ধনকুবের মাস্কের প্রাথমিক জয় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সংক্ষিপ্ত আদেশে বিচারক পিটম্যান বলেছেন, আদালতের এ সিদ্ধান্তকে এক্সের অভিযোগ সত্য বা প্রমাণিত বলে ধরে নেওয়া যাবে না। এখন কেবল মামলাটি চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে আদালত। মাস্কের কোম্পানি দুটির অভিযোগে যেসব বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, সেগুলো মামলার পরের ধাপে বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, এ মামলা ‘মাস্কের নিয়মিত হয়রানিমূলক আচরণেরই আরেকটি উদাহরণ এবং আদালতে আমরা তা প্রমাণের জন্য উন্মুখ হয়ে আছি’।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল ও মাস্কের এক্স।
গত অগাস্টে দায়ের করা মামলায় মাস্কের দুই কোম্পানি অভিযোগ করেছিল, এআই খাতে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানির অগ্রগতি ঠেকানোর লক্ষ্যে অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা বিরোধী আইন ভেঙেছে অ্যাপল ও ওপেনএআই। স্মার্টফোন ও জেনারেটিভ এআই বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখতে ‘একসঙ্গে মিলে কাজ করছে’ এই দুই কোম্পানি।
এক্স ও এক্সএআই আরও অভিযোগ করেছিল, অ্যাপল কেবল চ্যাটজিপিটিকে একচেটিয়া সুবিধা দিয়েছে তা-ই নয়, বরং অ্যাপল ইচ্ছাকৃতভাবে নিজেদের অ্যাপ স্টোরে তথাকথিত ‘সুপার অ্যাপ’ ও জেনারেটিভ এআই চ্যাটবট প্রতিযোগীদের, যেমন এক্সএআইয়ের গ্রক’কে কম গুরুত্ব দিচ্ছে ও অ্যাপ স্টোরের তালিকায় নিচের দিকে নামিয়ে রাখছে।
এ মামলা খারিজের আবেদনে অ্যাপল বলেছে, ওপেনএআইয়ের সঙ্গে তাদের চুক্তি একচেটিয়া নয়, তারা চাইলে অন্য চ্যাটবটের সঙ্গেও কাজ করতে পারে। মামলায় এমন কোনো প্রমাণ মেলেনি যে, অন্য চ্যাটবটের সঙ্গে কাজ করতে বাধা দিয়েছে বা নিষেধ করেছে তারা।
অ্যাপল আদালতকে বলেছে, “কোনো কোম্পানি প্রথমে নির্দিষ্ট কোনো পার্টনারকে বেছে নিলেই তা অবৈধ বা বেআইনি নয়।”
অ্যাপল আদালতকে আরও বলেছে, তারা কোনও প্রতিযোগিতা বিরোধী কাজ করেনি। অন্যান্য চ্যাটবট ব্রাউজার বা অ্যাপের মাধ্যমে তাদের ডিভাইসে ব্যবহার করা যায় এবং এক্স ও গ্রক অ্যাপও তাদের অ্যাপ স্টোরে শীর্ষে রয়েছে।
মামলার অভিযোগ ওপেনএআই বলেছে, তাদের কোম্পানি ও চ্যাটজিপটির বিরুদ্ধে ‘আইন ব্যবহার করে চাপ দেওয়ার প্রচেষ্টা’ চালাচ্ছেন মাস্ক। ওপেনএআই ও তাদের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে আলাদা এক মামলা করছেন তিনি।
২০২২ সালের শেষ দিকে চালুর কয়েক মাসের মধ্যে ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ভোক্তা অ্যাপ হয়ে ওঠে ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি।
আরও পড়ুন…
