অ্যাপল, ওপেনএআইয়ের বিরুদ্ধে এবার মামলায় মাস্কের দুই কোম্পানি
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, অ্যাপল ইচ্ছাকৃতভাবে তাদের অ্যাপ স্টোরে তথাকথিত ‘সুপার অ্যাপ’ ও জেনারেটিভ এআই চ্যাটবট প্রতিযোগীদের কম গুরুত্ব দিচ্ছে।
অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে একচেটিয়া অনুশীলনের অভিযোগ তুলেছে ইলন মাস্কের দুই স্টার্টআপ। ‘প্রতিযোগিতা-বিরোধী পরিকল্পনার’ অভিযোগ এনেছে তারা।
সোমবার দায়ের করা এ মামলার দুই বাদী হচ্ছে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ এক্সএআই আর তারই মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।
মাস্কের দুই কোম্পানির অভিযোগ, এআই খাতে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানির অগ্রগতি ঠেকানোর লক্ষ্যে ‘প্রতিযোগিতা-বিরোধী পরিকল্পনায়’ করছে আইফোন নির্মাতা অ্যাপল ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। স্মার্টফোন ও জেনারেটিভ এআই বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখতে ‘একসঙ্গে মিলে কাজ করছে’ এই দুই কোম্পানি।
মামলায় আরও অভিযোগ, অ্যাপল ইচ্ছাকৃতভাবে নিজেদের অ্যাপ স্টোরে তথাকথিত ‘সুপার অ্যাপ’ ও জেনারেটিভ এআই চ্যাটবট প্রতিযোগীদের, যেমন এক্সএআইয়ের গ্রক’কে কম গুরুত্ব দিচ্ছে এবং অ্যাপ স্টোরের তালিকায় নিচের দিকে নামিয়ে রাখছে।
টেক্সাসের নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা মামলার অভিযোগে এক্স ও এক্সএআই আরও উল্লেখ করেছে, “আদালত যদি এই অবৈধ কার্যকলাপ থামানোর নির্দেশ না দেয় তবে ভবিষ্যতেও এ ধরনের আচরণ চালিয়ে যাবে অ্যাপল ও ওপেনএআই। ফলে অভিযোগকারীর (মাস্কের দুটি কোম্পানির) মতো প্রতিযোগী কোম্পানিরা ক্ষতিগ্রস্থ হতে থাকবে।”
এ মাসের শুরুতে অ্যাপলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগ এনে ‘তাৎক্ষণিকভাবে’ আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন মাস্ক।
মার্কিন এই ধনকুবের বলেছিলেন, অ্যাপলের পক্ষপাতমূলক আচরণের কারণে তার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর স্টার্টআপ ‘এক্সএআই’-এর তৈরি গ্রক এআই অ্যাপটি অ্যাপল চার্ট র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে, যা অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন।
ওই সময় এক্স পোস্টে মাস্ক লিখেছিলেন, “অ্যাপল এমন আচরণ করছে যেন ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানি অ্যাপ স্টোরে এক নম্বরে যেতে না পারে। এটা স্পষ্টভাবে একচেটিয়া এবং ব্যবসার নিয়ম লঙ্ঘন। এর বিরুদ্ধে এক্সএআই এখনই আইনি পদক্ষেপ নেবে।”
এবার সত্যিই অ্যাপলসহ ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল মাস্কের মুই কোম্পানি।
তবে এ মামলার বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল ও ওপেনএআই কেউই।
