মেসেঞ্জারে ‘ডিফল্ট এনক্রিপশন’ নিয়ে পরীক্ষা করছে ফেইসবুক
২০২৩ সালে মেসেঞ্জারের সকল কল এবং চ্যাটে ডিফল্ট এনক্রিপশন ফিচার যোগ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা।
মেসেঞ্জারে ডিফল্ট এনক্রিপশন সেবা চালু করার জন্য সীমিত সংখ্যক ব্যবহারকারীকে নিয়ে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ইটুইইই)’ প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে ফেইসবুক।
১১ অগাস্টের ঘোষণায় ফেইসবুক বলেছে, একই সঙ্গে ডিফল্ট ‘ইটুইইই’ সেবা এবং ‘সিকিউর স্টোরেজ’ নামের নতুন ফিচার নিয়ে কাজ করছে তারা।
২০২৩ সাল নাগাদ বৈশ্বিক পর্যায়ে মেসেঞ্জার সেবায় ‘ডিফল্ট ইটুইইই’ সেবা প্রচলনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম।
বর্তমানে মেসেঞ্জারে ‘ইটুইইই’ সেবা পেতে প্রতিটি চ্যাটের জন্য আলাদা করে এনক্রিপশন ফিচারটি চালু করে নিতে হয়। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, যারা অনলাইন নিরাপত্তা ও গোপনতা নিয়ে শঙ্কিত, কেবল তারাই হয়ত বিদ্যমান এনক্রিপশন ফিচারটি সম্পর্কে অবগত।
মেসেঞ্জারে ‘ইটুইইই’ ডিফল্ট ফিচার হিসেবে চালু হলে নিজের অজান্তেই মেসেজ আদান প্রদানের বেলায় স্বয়ংক্রিয় ডেটা এনক্রিপশন সেবা পাবেন সাধারণ ব্যবহারকারীরা।
তবে এই ফিচার নিয়ে বিভিন্ন দেশের সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী আপত্তি তুলতে পারে বলে জানিয়েছে ভার্জ। এই প্রযুক্তিতে অপরাধীরা নিরাপদে যোগাযোগের সুযোগ পাবেন বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা ইটুইইই সেবার সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে প্রাপক আর প্রেরক বাদে তৃতীয় পক্ষীয় কারও জন্য মেসেজ পড়া প্রায় অসম্ভব। এমনকি, চ্যাট এনক্রিপ্টেড থাকলে দুই ব্যবহারকারীর মধ্যে পাঠানো মেসেজ পড়ার সক্ষমতা ফেইসবুকেরও নেই।
এর আগে ফেইসবুক বলেছিল, শতকোটি ব্যবহারকারীদের সবার জন্য একযোগে ইটুইইই ফিচার চালু করা বেশ কঠিন কাজ; আর সে কারণেই মেসেঞ্জারে ফিচারটি চালু করতে দেরি হচ্ছে কোম্পানিটির।
কিন্তু ১১ অগাস্টের ঘোষণায় ফেইসবুক জানিয়েছে, ২০২৩ সালে মেসেঞ্জারের সকল কল এবং চ্যাটে ডিফল্ট এনক্রিপশন ফিচার চালু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা।
এ ছাড়াও ‘সিকিউর স্টোরেজ’ নামের নতুন একটি ফিচারের ঘোষণা দিয়েছে ফেইসবুক। মেসেঞ্জারের চ্যাটি হিস্ট্রির ক্লাউড ব্যাকআপ এনক্রিপ্ট করে রাখবে এই ফিচারটি।
