২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলে বাড়ির তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখবে ‘চাদর’

ভবিষ্যৎবান্ধব এই চাদর তৈরি হয়েছে সিলিকা ও অ্যালুমিনিয়াম ব্যবহারে। আর বাইরের কোনো শক্তির সহায়তা না নিয়েই এটি পরোক্ষভাবে গরম ও শীতল অবস্থা তৈরি করতে পারে।

মঙ্গলে বাড়ির তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখবে ‘চাদর’

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 05:51 PM

Updated : 13 Jul 2023, 05:51 PM

রোমান রূপকথা থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এমন এক আবরণ উদ্ভাবন করেছেন, যা দিনের বেলায় এর ভেতরের তাপমাত্রা কমিয়ে এবং আর রাতের বেলায় উষ্ণ রাখতে পারে।

দুই মুখওয়ালা রোমান দেবতা ‘জেনাস’-এর নামের সঙ্গে মিল রেখে এই আবরণের নাম দেওয়া হয়েছে ‘জেনাস থার্মাল ক্লোক’। আর ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে মহাকাশযান সবকিছুতেই এটি ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।

গবেষকদের দাবি, এটি এমনকি চাঁদ ও মঙ্গল গ্রহে তৈরি কলোনিতেও ব্যবহার করা যেতে পারে।

“বিভিন্ন গাড়ি, ভবন, মহাকাশযান এমনকি পৃথিবীর বাইরে থাকা কোনো বস্তুকে গরমে শীতল ও ঠাণ্ডা পরিবেশে গরম রাখতে এটা অনেকটা চাদরের মতো কাজ করে।” --বলেন ‘সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি’র গবেষক কেহাং সুই, যিনি এই গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

“আমাদের বায়ুমণ্ডল যেভাবে পৃথিবীকে ঠাণ্ডা রাখে এটি অনেকটা সেভাবেই কাজ করে।”

ভবিষ্যৎবান্ধব এই চাদর তৈরি হয়েছে সিলিকা ও অ্যালুমিনিয়াম ব্যবহারে। আর বাইরের কোনো শক্তির সহায়তা না নিয়েই এটি পরোক্ষভাবে গরম ও শীতল অবস্থা তৈরি করতে পারে। এর জন্য বাইরে থেকে কোনো শিক্তর সরবরাহ লাগে না।

“এই প্রথমবার আমরা শীতল রাতে বাইরের চেয়ে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উষ্ণতায় নিতে পেরেছি।” --বলেন অধ্যাপক সুই।

“আমরাও এতে কিছুটা অবাক হয়েছি। কোনো বাইরের শক্তি বা সূর্যের তাপ না থাকার পরও আমরা এতে উষ্ণতার অনুভূতি পেতে পারি।”

এই গবেষণার বিস্তারিত উল্লেখ রয়েছে সায়েন্টিফিক জার্নাল ‘ডিভাইস’-এ প্রকাশিত ‘স্কেলেবল অ্যান্ড ডিউরেবল জেনাস থার্মাল ক্লোক ফর অল-সিজন প্যাসিভ থার্মাল রেগুলেশন’ নামের গবেষণাপত্রে।