চার সপ্তাহের মধ্যে ফের উড়বে স্টারশিপ: ইলন মাস্ক
ফ্লাইট ৫-এ একটি নতুন চমকও আছে। স্পেসএক্স বলেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তারা রকেটের বিশাল বুস্টারটিকে স্টারবেইজের লঞ্চপ্যাডে অবতরণ করানোর চেষ্টা করবে।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটের পরবর্তী উৎক্ষেপণ দেখতে বেশিদিন অপেক্ষা করতে হবে না।
রকেটটি হল স্পেসএক্স-এর তৈরি চারশ ফুট লম্বা স্টারশিপ, যা এখন পর্যন্ত চারবার পরীক্ষামূলকভাবে উৎক্ষেপিত হয়েছে। এর পঞ্চম উৎক্ষেপণের সময়ও ঘনিয়ে এসেছে বলে তথ্য দিয়েছেন স্পেসএক্স’র প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক।
“চার সপ্তাহের মধ্যেই ফ্লাইট ৫,” শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন মাস্ক।
স্টারশিপে দুটি অংশ আছে। এর মধ্যে প্রথম স্তরের বুস্টারটি ‘সুপার হেভি’ নামে পরিচিত। আর এর ওপরের অংশের ১৬৫ ফুট লম্বা মহাকাশযানকে ‘স্টারশিপ’ বা শুধু ‘শিপ’ বলে ডাকা হয়। দুটো অংশই এমনভাবে নকশা করা যাতে এদেরকে পুনরায় ব্যবহার করা যায়।
স্টারশিপের প্রথম দুটি টেস্ট ফ্লাইট ঘটেছিল ২০২৩ সালের এপ্রিল ও নভেম্বর মাসে। আর শেষ দুটি ঘটেছে যথাক্রমে এ বছরের ১৪ মার্চ ও ৬ জুন। এদের সবগুলোকেই দক্ষিণ টেক্সাসের ব্রাউনসভিল শহরের কাছাকাছি কোম্পানির নিজস্ব ঘাঁটি ‘স্টারবেইজ’ থেকে উৎক্ষেপণ করেছিল স্পেসএক্স।
প্রতিটি ফ্লাইটেই রকেটের কার্যকারিতায় অগ্রগতি দেখা গেছে। উদাহরণ হিসেবে, সবচেয়ে সাম্প্রতিক ফ্লাইটটি পুরোপুরি পরিকল্পনা মাফিকই এগিয়েছে, যেখানে সুপার হেভি বুস্টার ও রকেটের মূল অংশ সময়মতো আলাদা হওয়ার পাশাপাশি সফলভাবেই ভূপৃষ্ঠে অবতরণ ঘটে সেগুলোর। এর মধ্যে বুস্টারের অবতরণ হয়েছিল মেক্সিকো উপসাগরে আর স্টারশিপের ঘটেছিল ভারত মহাসাগরে।
এ সাফল্য ফ্লাইট ৫-এ আনা বিভিন্ন পরিবর্তন তুলনামূলক দ্রুতই ঘটেছে। আর, ৬ জুনের উৎক্ষেপণে স্টারশিপ আশানুরূপ ফলাফল দেখানোর পর পরবর্তী উৎক্ষেপণের জন্য খুব কম বিষয়ই বিশ্লেষণ করতে হয়েছে স্পেসএক্স’কে।
এমনকি রকেটের সম্ভাব্য কারিগরি ত্রুটি নিয়েও তদন্ত করতে হয়নি যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’কে। তাই প্রযুক্তিগত প্রস্তুতির চেয়ে নিয়ন্ত্রকদের অনুমোদনই ফ্লাইট ৫ পরিচালনার মূল চাবিকাঠি।
ফ্লাইট ৫-এ একটি নতুন চমকও আছে। স্পেসএক্স বলেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তারা রকেটের বিশাল বুস্টারটিকে স্টারবেইজের লঞ্চপ্যাডে অবতরণ করানোর চেষ্টা করবে।
এ সাহসী কৌশলটি স্টারশিপের ফ্লাইটের পরিসর বাড়াতে সহায়ক হতে পারে, যার ফলে বুস্টারটি আরও দ্রুত পরীক্ষা, রিফার্বিশ ও পুনরায় উৎক্ষেপণ করার সুযোগ মিলবে বলে জানিয়েছেন মাস্ক।
