৬৮ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সরাল মেটা
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, যেমন– মিয়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ড থেকে পরিচালিত নানা প্রতারণা কেন্দ্র মানুষকে শত শত কোটি ডলার ঠকিয়ে নেওয়ার জন্য পরিচিত।
প্রতারণা বা জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কারণে ৬৮ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মুছে ফেলেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
হোয়াটসঅ্যাপের মূল কোম্পানিটি বলেছে, এ বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে টার্গেট করে প্রতারণা চালানোর অভিযোগে ৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছে তারা।
যোগাযোগ মাধ্যম জায়ান্টটি বলেছে, এসব মুছে ফেলা অ্যাকাউন্টের বেশিরভাগই দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত হত, যেখানে প্রতারকরা অনেক সময় জোর করে লোকজনকে ধরে এনে বা ঠকিয়ে তাদের দিয়ে এসব প্রতারণার কাজ করত।
সম্প্রতি নতুন প্রতারণাবিরোধী ব্যবস্থা চালু করেছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতারণার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক হতে পারেন। যেমন– কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনাকে গ্রুপ চ্যাটিংয়ে যোগ করেন তবে হোয়াটসঅ্যাপ আপনাকে সে বিষয়ে সতর্কবার্তা পাঠাবে। আর এ ব্যবস্থা নেওয়ার পরই ৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সরানোর ঘোষণা দিল মেটা।
বিবিসি লিখেছে, পদক্ষেপটি এমন এক প্রতারণার চক্রকে টার্গেট করে নিয়েছে মেটা, যেখানে অপরাধীরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিং বা ব্যবহারকারীদের এমন গ্রুপ চ্যাটিংয়ে যোগ করে, যেখানে তাদের ভুয়া বিনিয়োগ পরিকল্পনা বা অন্য ধরনের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়।
মেটা বলেছে, হোয়াটসঅ্যাপ ‘আগেই এসব অ্যাকাউন্ট শনাক্ত করে ও বন্ধ করে দিয়েছে, যাতে বিভিন্ন প্রতারণা কেন্দ্রগুলো ব্যবহার করে অপরাধীরা প্রতারণা চালাতে না পারে’।
মেটা ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে মিলে এক প্রতারণা চক্র ভাঙার কাজ করেছে হোয়াটসঅ্যাপ, যেটি ছিল কম্বোডিয়ার এক অপরাধ চক্রের সঙ্গে জড়িত। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে লাইকের বিনিময়ে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিত এবং এর মাধ্যমে তারা স্কুটার ভাড়া দেওয়ার এক ভুয়া পিরামিড স্কিমের প্রচারণা চালাত।
মেটা বলেছে, চ্যাটজিপিটি ব্যবহার করে ভুয়া নির্দেশনা তৈরি করেছিল প্রতারকরা, যেগুলো তারা সম্ভাব্য শিকারদের পাঠাত।
ফেইসবুকের মূল কোম্পানিটি আরও বলেছে, সাধারণত প্রতারকরা প্রথমে সম্ভাব্য শিকারদের কাছে টেক্সট মেসেজ পাঠিয়ে যোগাযোগ শুরু করে, এরপর কথোপকথন চালিয়ে নিয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তিগত মেসেজিং অ্যাপে। এসব প্রতারণা সাধারণত অর্থ বা ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি পাঠানোর মাধ্যমে শেষ হত।
“এটি বড় এক ফাঁদ। যখন কেউ আগে অর্থ নিয়ে পরে লাভ দেওয়ার কথা বলবে, তখন ব্যবহারকারীদের জন্য সেটি সতর্ক হওয়ার বড় ইশারা।”
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, যেমন– মিয়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ড থেকে পরিচালিত নানা প্রতারণা কেন্দ্র মানুষকে শত শত কোটি ডলার ঠকিয়ে নেওয়ার জন্য পরিচিত বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এসব কেন্দ্র এমনও কাজের জন্য পরিচিত, যেখানে প্রতারকরা কিছু লোককে নিয়ে আসে ও জোরপূর্বক তাদের দিয়ে প্রতারণার কাজ করায়।
এ অঞ্চলের মানুষকে সম্ভাব্য জালিয়াতি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ‘টু স্টেপ ভেরিফিকেশন’-এর মতো প্রতারণাবিরোধী ব্যবস্থা ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখারও আহ্বান জানিয়েছে তারা।
যেমন– সিঙ্গাপুরের পুলিশও ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, মেসেজিং অ্যাপে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক অনুরোধ পেলে সাবধান হতে হবে।
