১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশসহ ৪০ দেশে এল গুগলের সাশ্রয়ী এআই প্ল্যান

এই প্ল্যানের সুবিধার মধ্যে রয়েছে জেমিনাই ২.৫ প্রো ব্যবহারের সুযোগ। পাশপাশি ছবি ও ভিডিও তৈরির জন্য ব্যবহার করা যাবে ‘ফ্লো’, ‘হুইস্ক’ এবং ‘ভিও ৩ ফাস্ট’ টুল।

বাংলাদেশসহ ৪০ দেশে এল গুগলের সাশ্রয়ী এআই প্ল্যান
কোম্পানিটি প্রথমে ইন্দোনেশিয়ায় এই সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছিল। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

বাংলাদেশসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কম খরচের ‘এআই প্লাস’ প্ল্যান চালু করেছে গুগল। চলতি মাসের শুরুতে কোম্পানিটি প্রথমে ইন্দোনেশিয়ায় এই সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছিল। 

বাংলাদেশসহ এই প্ল্যানের আওতাভুক্ত অন্য দেশগুলো হলো- নেপাল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, নাইজেরিয়া, ঘানা, মিসর, উগান্ডা, জিম্বাবুয়ে, সেনেগাল, আইভরি কোস্ট, ক্যামেরুন, অ্যাঙ্গোলা এবং কেনিয়াসহ আরও কয়েকটি দেশ।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, প্ল্যানটি ইন্দোনেশিয়ায় প্রথম চালু করার সময় মাসিক খরচ ধরা হয়েছিল সাড়ে চার ডলার। বেশিরভাগ দেশে এর দাম প্রায় পাঁচ ডলার। তবে নেপাল ও মেক্সিকোর মতো কয়েকটি দেশে প্রথম ছয় মাসের জন্য ৫০ শতাংশ ছাড় থাকছে।

‘এআই প্লাস’ প্ল্যানের সুবিধার মধ্যে রয়েছে জেমিনাই ২.৫ প্রো ব্যবহারের সুযোগ। পাশাপাশি ছবি ও ভিডিও তৈরির জন্য ব্যবহার করা যাবে ‘ফ্লো’, ‘হুইস্ক’ এবং ‘ভিও ৩ ফাস্ট’ টুল। 

এ ছাড়া, গুগলের এআই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ‘নোটবুকএলএম’-এর আরও ফিচার ব্যবহার করা যাবে, জিমেইল, ডকস ও শিটসে এআই ব্যবহার করা যাবে এবং সঙ্গে থাকছে দুইশ গিগাবাইট ক্লাউড স্টোরেজ। 

এই ঘোষণা এল ওপেনএআই ইন্দোনেশিয়ায় ৫ ডলারের নিচে ‘চ্যাটজিপিটি গো’ প্ল্যান চালু করার একদিন পর। এদিকে গুগলের ‘এআই প্লাস’ প্ল্যান থাকা দেশের তালিকায় নেই ভারত, যেখানে ওপেনএআই প্রথমে তাদের সস্তা সাবস্ক্রিপশন চালু করেছিল।

বর্তমানে গুগল ও ওপেনএআই উভয়েই ২০ ডলারের মাসিক প্ল্যানে সেবা দিচ্ছে কিন্তু নতুন এই সস্তা সাবস্ক্রিপশনের মাধ্যমে কোম্পানিটি এমন দেশগুলোর ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চাইছে যাদের জন্য মাসে ২০ ডলার খরচ করা কঠিন।